ধর্ষণ-খুনের পর ফের গাইঘাটায় (Gaighata) রহস্যমৃত্যু। ধানক্ষেত থেকে উদ্ধার এক ব্যক্তির গলা কাটা দেহ। বুধবার দুপুরে গাইঘাটা থানার বর্ণবেরিরিয়া রাজবংশী পাড়ার ঘটনা। কেউ বা কারা খুন করে ধানক্ষেতে ফেলে গেছে বলে সন্দেহ পুলিশের। ঘটনায় আটক ১।
জানা গিয়েছে মৃত কৃষকের নাম বাসুদেব দাস । বাড়ি গাইঘাটা থানার নোড়াদহ এলাকায়। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম নাড়ুগোপাল বিশ্বাস। বাসুদেবের স্ত্রীর অভিযোগ, নাড়ুগোপাল ও তাঁর স্ত্রী ঋতুপর্ণা দাস চক্রান্ত করে খুন করেছে তাঁর স্বামীকা। ঋতুপর্ণার সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক ছিল বলে অনুমান নিহত বাসুদেবের স্ত্রীর। তাঁর দাবি, ঋতুপর্ণাকে অনেক টাকা পয়সাও দিয়েছে বাসুদেব। সেই টাকা পয়সা চাওয়া নিয়ে বিবাদ হতে পারে।
এদিন সকালে রাজবংশী পাড়ায় লিজ নেওয়া ক্ষেতে পরিচর্যা করতে গিয়েছিলেন বাসুদেব। পাশেই অভিযুক্তের জমি। অভিযোগ, ঘটনাস্থলে বাসুদেবকে একা পেয়ে এলোপাতাড়ি কোপ মারা হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এরপর পুলিশ এসে দেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই খুন হতে পারে। যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে, সেই জায়গাটি ঘিরে দিয়েছে পুলিশ। বাসুদেবের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
একদিন আগেই উত্তর ২৪ পরগনার গাইঘাটায় এনকাউন্টারে মৃত্যু নাবালিকার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এক যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে ফেরার পথে অভিযুক্ত পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এরপর আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গাইঘাটায় এবার কৃষকের গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
