Hashtagintro

‘ভাঙা’ পায়ে অনবদ্য ইনিংসে বিশ্বজয়, এবার অস্ট্রেলিয়ার জার্সিকে চিরবিদায় ম্যাক্সওয়েলের

কার্যত ভাঙা পায়ে খেল দেখিয়েছিলেন। দ্বিশতরান হাঁকিয়ে দেশকে এগিয়ে দিয়েছিলেন বিশ্বকাপ জয়ের পথে। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। দীর্ঘ ১৪ বছর ধরে তিনি খেলেছেন অস্ট্রেলিয়ার জার্সিতে। দেশের হয়ে জিতেছেন দু’টি বিশ্বকাপ-সহ একঝাঁক ট্রফি। এবার ব্যাগি গ্রিনকে বিদায় জানানোর পালা। যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর বিদায়টা স্মরণীয় হয়ে থাকল না।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই খেলেছেন ম্যাক্সওয়েল। তবে নজর কেড়েছেন ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেই। ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকরী স্পিন বোলিং-দুইয়ের মিশেলে অজি দলে একেবারে অপরিহার্য হয়ে উঠেছিলেন তিনি। আন্তর্জাতিক কেরিয়ারে মোট সাতটি টেস্ট খেলেছেন ম্যাক্সওয়েল। ১৪৯টি ওয়ানডে এবং ১৩০টি টি-২০ খেলেছেন তিনি। সবমিলিয়ে হাজারছয়েকেরও বেশি রান রয়েছে অজি তারকার ঝুলিতে। কৃপণ বোলিংয়ের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে তুলে নিয়েছেন ১৩৬টি উইকেট। 

দু’বার ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ম্যাক্সি। ২০১৫ সালে দেশের মাটিতে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া স্কোয়াডের অংশ ছিলেন। তারপর ২০২৩ সালে ফের বিশ্বকাপ জয়। ওই টুর্নামেন্টে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর অদম্য লড়াই ক্রিকেটের সর্বকালের সেরা ইনিংসগুলির মধ্যে অন্যতম। আফগানিস্তানের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে ৯১ রানে সাত উইকেট হারিয়ে সেদিন ধুঁকছিল অস্ট্রেলিয়া। পায়ের পেশিতে টান ধরার সমস্যায় ভুগছিলেন ম্যাক্সওয়েল নিজেও। সেখান থেকে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জেতান। সেবার ভারতকে হারিয়ে বিশ্বকাপ জেতে অজিরা।

যদিও অজি ক্রিকেট থেকে বিদায়ের পর্বটা খুব একটা সুখকর হয়নি ম্যাক্সওয়েলের জন্য। চলতি বছরের শুরুতেই বাদ পড়েন জাতীয় দলের চুক্তি থেকে। গতবছর অবসর নিয়ে নেন ওয়ানডে থেকে। মন দিতে চেয়েছিলেন টি-২০ ক্রিকেটে। তা সত্ত্বেও বাংলাদেশের বিরুদ্ধে অজি স্কোয়াডে সুযোগ পাননি। খানিকটা বাধ্য হয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ৩৮ বছর বয়সি তারকা। অজি জার্সিতে তাঁর শেষ ম্যাচ ২০২৬ টি-২০ বিশ্বকাপে ওমানের বিরুদ্ধে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। আগামী বছর পর্যন্ত বিগ ব্যাশে দেখা যাবে ম্যাক্সওয়েলকে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language