৮ ইন্টার্নকে শোকজের প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভে অশান্ত কলকাতা মেডিক্যাল কলেজ। এই ঘটনার নেপথ্যে বামেদের দায়ী করেছেন তিনি। প্রয়োজন পড়লে কয়েক সেকেন্ডেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে বলেই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
মুখ্যমন্ত্রী বলেন, “আমার সাথে স্বাস্থ্যমন্ত্রীর কথা হয়েছে , পরিস্থিতির ওপর নজর রেখেছি। অধ্যক্ষ যা সাহায্য চাইবেন আমরা প্রশাসনিক ভাবে সব সাহায্য করব, গুন্ডামি হাসপাতালে বরদাস্ত করা হবে না। কমিউনিস্টদের নৈরাজ্য তৈরির জায়গা মেডিক্যাল কলেজ নয়, স্পষ্ট বলে দিলাম, কর্তৃপক্ষ পুলিশের সাহায্য চাইলে কয়েক সেকেন্ড লাগবে, পুলিশ যা করার করবে।” এছাড়া কলেজ স্ট্রিটে অশান্তি প্রসঙ্গেও এদিন ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বামেদের তীব্র নিশানা করে বলেন, “ভোটে জেতার ক্ষমতা নেই, তাই বইয়ের স্টল নিয়ে রাজনীতি করছে।”
উল্লেখ্য, দুর্গাপুজোয় সপ্তমীর দিন চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের। মৃত উনিশজনকে নিয়ে আসা হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজে। সে সময় একদল জুনিয়র চিকিৎসক সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, পরিকাঠামোর অভাব রয়েছে কলকাতা মেডিক্যালে। বড়সড় দুর্ঘটনা ঘটে গেলে জরুরি অবস্থায় চিকিৎসা করার পরিকাঠামো নেই শতাব্দী প্রাচীন এই হাসপাতালে।
কর্তব্যরত অবস্থায় সংবাদমাধ্যমের সামনে এই ধরনের বিবৃতি দেওয়া শৃঙ্খলাভঙ্গের সামিল। এই কারণে আটজন জুনিয়র ডাক্তারকে মঙ্গলবার শোকজ করেছে স্বাস্থ্যদপ্তর। এরপরেই বুধবার সকাল থেকে বিক্ষোভে নামেন কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। তাঁদের বক্তব্য, কিসের ভিত্তিতে শোকজ। স্পষ্ট করতে হবে। ইন্টার্ন চিকিৎসকদের আরও দাবি, যে তদন্ত কমিটির সুপারিশে আটজন সহপাঠিকে শোকজ করা হয়েছে সেই তদন্ত কমিটির রিপোর্ট তারা দেখতে চান। এরপরেই বৈঠকে বসেন কলকাতা মেডিক্যাল কলেজ কাউন্সিল। বুধবার রাতে কলকাতা মেডিক্যাল কলেজে ফের সাংবাদিক সম্মেলন করে ইন্টার্ন চিকিৎসকরা দাবি করেন, কলকাতা মেডিক্যাল কলেজের সুপার আমাদের জানিয়েছেন, শুধুমাত্র স্বাস্থ্যভবন জানিয়েছে বলে তারা শোকজ করেছেন। উচ্চতর কর্তৃপক্ষর চাপে তারা শোকজ করতে বাধ্য হয়েছেন। অধ্যক্ষর ঘরের বাইরে লাগাতার অবস্থান বিক্ষোভে বসেন ছাত্ররা। এদিকে, কেন অধ্যক্ষকে ঘেরাও করা হবে, এই প্রশ্ন তুলে প্রতিবাদী মেডিক্যাল পড়ুয়াদের উপর চড়াও হয় এবিভিপি। সবমিলিয়ে উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ চত্বর।
