দিন কয়েক ধরেই গোয়ালতোড় জুড়ে অজানা জন্তুর আতঙ্ক। তদন্তে নেমে বনদপ্তরের স্ক্যানারে এলাকার পোলট্রি ফার্মগুলো। অনুমান, পোলট্রি ফার্মের বর্জ্য খাওয়ার ফলেই উন্মত্ত হচ্ছে শেয়াল-কুকুর। যার জেরে হামলা চালাচ্ছে গবাদি পশুর উপর।
আধিকারিকদের অনুমান, ভেদুয়া সংলগ্ন এলাকা যে প্রায় ১৫টি পোলট্রি ফার্ম রয়েছে তাদের আবর্জনা জঙ্গলে ফেলা হচ্ছে। মনে করা হচ্ছে, বিষক্রিয়ায় বা আঘাতে মৃত মুরগির মাংস ও বর্জ্য খেয়ে শেয়াল, নেকড়ে বা কুকুর উন্মত্ত হয়ে গবাদিপশুর উপর হামলা চালাচ্ছে।
সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের ভেদুয়া ও মজুরিপাড়া এলাকায় অজানা জন্তুর আক্রমণে প্রায় ৪০-৫০টি গবাদিপশু জখম হয়। সবক্ষেত্রেই মালিকরা দেখেন পশুগুলোর শরীরে আঁচড়-কামড়ের দাগ। সেই ঘটনার জেরে একটি শেয়ালকে পিটিয়ে খুনের ঘটনাও ঘটে। বিষয়টি জানার পরই তদন্তে নামে বনদপ্তর। আধিকারিকদের অনুমান, ভেদুয়া সংলগ্ন এলাকা যে প্রায় ১৫টি পোলট্রি ফার্ম রয়েছে তাদের আবর্জনা জঙ্গলে ফেলা হচ্ছে। মনে করা হচ্ছে, বিষক্রিয়ায় বা আঘাতে মৃত মুরগির মাংস ও বর্জ্য খেয়ে শেয়াল, নেকড়ে বা কুকুর উন্মত্ত হয়ে গবাদিপশুর উপর হামলা চালাচ্ছে।
এক বনকর্তার কথায়, সাধারণত শেয়াল বা নেকড়ে বড় গবাদিপশু আক্রমণ করে না। তবে বিষক্রিয়ায় আক্রান্ত মাংস খেলে অস্বাভাবিক আচরণ অসম্ভব নয়। পায়ের ছাপ সংগ্রহ করে কোন জন্তু হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং বর্জ্য ফেলা ফার্মগুলির বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বনদপ্তর। পাশাপাশি রাতে আলো জ্বালিয়ে পশু সুরক্ষিত রাখা ও জঙ্গলে না যাওয়ার বিষয়েও এলাকায় প্রচার চালানো হচ্ছে।
