Hashtagintro

‘এতদিন ছিল অসুর, এখন ভাসুর’, তৃণমূলের ‘নতুন নেতা’ বিকাশ ভট্টাচার্যকে কটাক্ষ শমীকের

সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যকে তৃণমূলের ‘নতুন নেতা’ বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর কটাক্ষ, এতদিন বিকাশ ছিলেন অসুর, এখন তৃণমূলের ভাসুর হয়েছেন। তাঁর সাহায্যে তৃণমূল মামলা করে পুরভোট বন্ধ করতে চাইছে। কারণ তৃণমূলের এখন আর কোর্টে যাওয়ারও ক্ষমতা নেই। তাই বিকাশ ভট্টাচার্যের সাহায্যে নিচ্ছে। শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উদ্বোধনে এসে শমীক জানান, পুরভোট সঠিক সময়ে হোক সেটাই চায় বিজেপি। তাহলেই নাগরিক পরিষেবা দেওয়া সম্ভব হবে। সেই কাজে বাধা দিচ্ছে বিরোধীরা।

নদিয়ায় শমীক প্রথমে আগমেশ্বরী তলার উদ্বোধন করেন। এরপরে শান্তিপুর হাসপাতাল সংলগ্ন শান্তিপুর জনসংঘ কল্যাণের পূজা মণ্ডপ উদ্বোধন করেন তিনি। আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শান্তিপুরের রাসযাত্রা। প্রতিবছরের মতো এ বছরও বিগ্রহ বাড়ি থেকে শুরু করে বিভিন্ন বারোয়ারিগুলো বিশেষ আকর্ষণ নিয়ে এসেছে দর্শনার্থীদের উদ্দেশ্যে। আবহাওয়ার জন্য কিছুটা সমস্যা হলেও দিনরাত কাজ করে প্যান্ডেল তৈরির কাজ প্রায় সমাপ্ত করেছে বিভিন্ন বারোয়ারিগুলো। রবিবার নবদ্বীপের রাস উদ্বোধন করতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবার শান্তিপুরের রাস উদ্বোধন করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমরা চাই সময় মতো পুরসভার ভোট হোক। তার কারণ মানুষ যাতে পরিষেবা ঠিকমতো পায় সেটাই আমাদের লক্ষ্য। আমরা কোনও পুর বোর্ড থেকে শুরু করে পঞ্চায়েত কিংবা জেলা পরিষদের বোর্ড জোর করে ভেঙে দিইনি। চেয়ারম্যানের বাড়িতে পাথর ছুড়িনি। আমরা কারও মাথায় ওমলেট ঢেলে দিইনি। তাঁরা নিজেরাই ছেড়ে চলে গিয়েছেন। নাগরিক পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।”

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ তলব নিয়ে তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, কালীঘাট তৃণমূলের প্রতিনিধি হওয়ায় তাঁকে প্রতিহিংসার রাজনীতির শিকার হতে হচ্ছে। এবিষয়ে শমীক বলেন, বিজেপি যদি প্রতিহিংসার রাজনীতি করত তাহলে তৃণমূলের অনেক জয়ী, পরাজিত বিধায়ক, কাউন্সিলর বেঁচে থাকতেন না। আমরা জনরোষ নিয়ন্ত্রণ করেছি। বিজেপি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে এখনও কথা বলতে পারছেন।’

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language