আবাসনের ফ্ল্যাটের বাইরে জুতো রাখাই দস্তুর। সেই জুতোই চুরি হয়ে গেল। কেবল এক পরিবারের নয়, ৪০টি পরিবারের জুতো চুরি হল! অবিশ্বাস্য হলেও এমন ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) এক আবাসনে। প্রায় এক লক্ষ টাকার নতুন জুতো চুরি হয়েছে বলে অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা?
সোমবার সকালে ঘুম থেকে উঠে আবাসনের অধিকাংশ ফ্ল্যাটের বাসিন্দারা মর্নিংওয়াক কিংবা বাজার যাওয়ার জন্য ফ্ল্যাটের দরজার সামনে শু র্যাকে গিয়ে দেখেন জুতো হাওয়া! একটি-দু’টি নয়, ৪০টি ফ্ল্যাটের বাসিন্দাদের অধিকাংশেরই এদিন ভোরে এই অভিজ্ঞতা হয়। প্রথমে সকলে কিছুটা তাজ্জব হয়ে যান। শিবপুরের ওই বহুতল অভিজাত আবাসনের ফ্ল্যাটগুলির দরজার সামনে রাখা শু র্যাক থেকে চুরি হয়ে গিয়েছে প্রায় ১ লক্ষ টাকার জুতো!
বিষয়টি বুঝতে পেরে আবাসিকরা ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ দেখেন। দেখা যায়, এক যুবক ভোররাতে সিঁড়ি দিয়ে নেমে এক-একটি করে ফ্ল্যাটের সামনে যাচ্ছে। আর ফ্ল্যাটগুলির সামনে রাখা শু র্যাক থেকে দামী দামী জুতো নিয়ে দু’টি বস্তায় ভরছে। দু’ব্যাগ ভর্তি জুতো নিয়ে সে কিছুক্ষণ পর সেখান থেকে চম্পট দেয়। আবাসনের আবাসিক দেবপ্রিয়া সেন বলেন, ‘‘হিসেব করে দেখলাম প্রায় এক লক্ষ টাকার জুতো চুরি গিয়েছে। শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’’
পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। দেখা যাচ্ছে, চোর পুরনো জুতো নেয়নি। দামী ব্র্যান্ডেড কোম্পানির জুতো নিয়েছে। সোমবার ভোর ৪টে ৪২ মিনিট নাগাদ চোর ওই আবাসনের পাঁচিল টপকে ঢোকে। প্রথমে অভিজাত আবাসনের ‘বি’ ব্লকে যায়। তারপর ‘বি’ ব্লকের ছাদ বেয়ে ‘এ’ ব্লকে যায়। দু’টি ব্লকেরই এক একটি ফ্লোরে গিয়ে ফ্ল্যাটগুলির দরজার সামনে রাখা শু র্যাক খোলে। এরপর সেখান থেকে পুরনো জুতো ফেলে নতুন ব্র্যান্ডের জুতো বেছে ব্যাগে ভরে। সব ফ্লোর থেকে জুতো চুরি করে দুই ব্যাগ ভর্তি করে নিয়ে সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে আবাসনের নিচে নামে। তারপর ব্যাগ দু’টিকে বেঁধে পাঁচিল টপকে চম্পট দেয়।
সিদ্ধার্থ সারদা নামে আবাসনের অপর এক প্রৌঢ় বাসিন্দা বলেন, ‘‘আমি জীবনে প্রথম এরকম ঘটনা দেখছি। চোর জুতো চুরি করে নিয়ে চলে যাচ্ছে।’’ পুলিশও হতবাক। ওই যুবকের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। ঘটনা জানাজানি হতেই এলাকায় শোরগোল ছড়িয়েছে।
