Hashtagintro

৯ বছর উধাও! আধার কার্ডের সূত্র ধরে মায়ের কাছে ফিরল ‘মৃত’ মেয়ে

৯ বছর পর মায়ের সঙ্গে ঘরে ফিরল ‘মৃত’ ফুলসরী। ঝাড়খন্ড থেকে মা প্রেমী মাহাতো ও দাদা রোহিত মাহাতো চিরনবীন হোম চলে এসেছিলেন সোমবার সকাল ৬ টা নাগাদ। তবে আইনি প্রক্রিয়া মিটিয়ে মা-মেয়ের দেখা হয় বেলা ১ টা নাগাদ। প্রেমী এবং রোহিত হোমের এক অতিথিদের বসার জায়গায় বসেছিলেন। সিডব্লিউসির অনুমতি পাওয়ার পরই ফুলসরীকে নিয়ে আসা হয় মা ও দাদার কাছে। দুজনের চোখে চোখ, কয়েক মুহূর্তের মধ্যে জড়িয়ে ধরে একে অপরকে। কান্না শুধু কান্না। গোটা ঘর তখন নিস্তব্ধ। এ কান্না কোনও বিরহের নয়, মিলনের-আনন্দের। পাঁচ মিনিটের বেশি একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেই চলে। বেলা দুটোর সময় তারা ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হন।

৯ বছর আগে নিখোঁজ হয়েছিল ঝাড়খণ্ডের বাসিন্দ ফুলসরী মাহাতো। তার শ্বশুরবাড়ি থেকে জানানো হয়েছিল বাড়ি থেকে ঝগড়া করে চলে গিয়েছে এবং নদীতে ঝাঁপ দিয়েছে। তখন তার বয়স ছিল ১৬ বছর। এরপর বাগমুন্ডি নদীতে একটা মৃতদেহ উদ্ধার হয় সেটা পুলিশ পুড়িয়ে দেয়। পরে ফুলসরীর পরিবারের লোকেরা খোঁজ নিতে গেলে জানানো হয় ফুলসরীকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তার মৃত্যুর কাগজপত্র দেওয়া হয় পরিবারকে। পরিবার বিশ্বাস করেছিল ফুলসরী মারা গিয়েছে। দিন কয়েক আগে আধার কার্ড তৈরির সময় ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিতেই ফুলসরীর পরিচয় ভেসে ওঠে কম্পিউটারের স্ক্রিনে। তারপর পুলিশের মাধ্যমে যোগাযোগ করা হয় ফুলসরীর মা প্রেমী ও দাদা রোহিত মাহাতোর সঙ্গে। দিন কয়েক আগে ফুলসরীকে ভিডিও কলে দেখানো হয়েছিল তার মা দাদাকে। মেয়েকে স্বচক্ষে দেখার জন্য আকুল হয়ে উঠেছিলেন প্রেমী। এখন চোখের সামনে ৯ বছর পর মেয়েকে দেখল যাকে তারা এতদিন মৃত বলে জানতে। নিজের চোখকে যেন বিশ্বাস করে উঠতে পারছিলেন না ফুলসরীর মা প্রেমী মাহাতো। কথা বলার মত পরিস্থিতিতে তিনি ছিলেন না। পরে তিনি বলেন মেয়েকে যে এভাবে ফিরে পাব কল্পনা করতে পারিনি। ঈশ্বরকে ধন্যবাদ। হোমের লোকেদেরও কৃতজ্ঞতা জানাই। মেয়ের খোঁজ না পাওয়ায় কত যে কেঁদেছি তা জানিনা। মেয়েকে পেয়ে এত খুশি যে তা বোঝাতে পারবো না।

হোমের এক সুপারিনটেনডেন্ট শ্রাবন্তী সিনহা বলেন, এবছর পর মা-মেয়ের মিলনের দৃশ্য দেখে আমরাও চোখে জল ধরে রাখতে পারিনি। খুবই ভালো লাগছে। হোমের কর্তা তন্ময় সাউ বলেন, “আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করেছি। ওদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা ওকে ফোন করব ওর খোঁজ খবর নেব। আশা করি পরিবারের সঙ্গে ও ভালো থাকবে। ফোন নম্বর দেওয়া রয়েছে সমস্যা হলে ফোন করতে বলা হয়েছে।”

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language