একটা সময় বসিরহাট ছিল তৃণমূলের শক্তঘাঁটি। কিন্তু বদলের বাংলায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর ভেঙে খান-খান। এই অবস্থায় বসিরহাটে ক্রমশ জমি হারাচ্ছে কালীঘাট তৃণমূল। ক্রমশ তেড়েফুঁড়ে উঠছে কাকলি- সুদীপদের দল এনসিপিআই। গত কয়েকদিনে বসিরহাটের ১০টি পঞ্চায়েত সমিতির ৮১ জন সদস্য মমতার তৃণমূল ছেড়ে গিয়ে যোগ দিলেন এনসিপিআইতে। জমি শক্ত হতেই মিনাখাঁ বিধানসভার অন্তর্গত ঘুসিঘাটা বাজারে নয়া পার্টি অফিস খুললেন এনসিপিআইয়ের কর্মী-সমর্থকদের। তাঁদের দাবি, দলের নির্দেশেই এই পার্টি অফিস খোলা হয়েছে। এমনকী এই কার্যালয়ে বসেই আগামিদিনে যাবতীয় রণকৌশল নেওয়া হবে।
রাজ্যে ফল ঘোষণার পরেই তৃণমূল একাধিক ভাগে বিভক্ত। একদিকে কালীঘাট তৃণমূল অন্যদিকে ঋতপন্থীরা। এর পাশাপাশি এনসিপিআইতে যোগ দেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক সাংসদ। শুধু তাই নয়, গত কয়েকমাসে মমতা তৃণমূলের হাতছাড়া হয়েছে একাধিক পুরসভা, পঞ্চায়েত। তবে তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন একাধিক তৃণমূল নেতা-কর্মীরা। বিশেষ করে বসিরহাটের একাধিক নেতা যোগ দিয়েছেন এই দলে। সম্প্রতি মিনাখাঁ বিধানসভার অন্তর্গত মিনাখাঁ পঞ্চায়েত সমিতির বেশ কিছু তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগদান করেন। একইভাবে সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির ২৬ জন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের মধ্যে ১৯ জন যোগ দিয়েছেন এনসিপিআইতে।
একই ছবি সন্দেশখালি দুই নম্বর পঞ্চায়েত সমিতিতেও। ২৪ জন তৃণমূলের পঞ্চায়েত সমিতির মধ্যে এনসিপিআইতে যোগ দিয়েছেন ১৭ জন সদস্য। খুলনা গ্ৰাম পঞ্চায়েতের ১৭ জন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের মধ্যে ১১ জন দল ছেড়ে দেন। শুধু তাই নয়, বেড়মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত, দুর্গা মণ্ডপ গ্রাম পঞ্চায়েত, কোড়াকাঠি গ্রাম পঞ্চায়েতের বহু সদস্যই গত কয়েকদিন এনসিপিআইতে যোগ দিয়েছেন। বসিরহাট, সন্দেশখালি এলাকায় কালীঘাট তৃণমূলের বিপুল ধসে উচ্ছ্বসিত এনসিপিআই। এই প্রসঙ্গে বসিরহাটের এনসিপিআইয়ের কো-অর্ডিনেটর হাজী মন্টু বলেন, বসিরহাট জেলার ১৩টি অঞ্চল, দুটি পঞ্চায়েত সমিতি এনসিপিআইয়ের সদস্য হিসাবে যোগ দিয়েছেন। এবার সন্দেশখালির পঞ্চায়েত সমিতি এবং পাঁচ অঞ্চলের বহু সদস্য যোগ দিয়েছেন। হাজী সাহেবের কথায়, শুধু তৃণমূল নয়, সিপিএম, আইএসএফ-সহ একাধিক দল থেকে কর্মী-সমর্থকরা এনসিপিআইতে যোগ দিচ্ছেন।
