Hashtagintro

‘চিকেনস নেকে’র সুরক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি, দখলদারদের হটাতে বড় পদক্ষেপ রাজ্যের

‘চিকেনস নেক’ অর্থাৎ শিলিগুড়ি করিডর সংলগ্ন সীমান্ত সুরক্ষার প্রশ্নে ‘জিরো টলারেন্স’ নীতি রাজ্যের। সীমান্তবর্তী সরকারি জমি থেকে দখলদারি হটানো ও অনুপ্রবেশ বন্ধে প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর। প্রসঙ্গত, এর আগে শিলিগুড়িতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন শিলিগুড়ি করিডর এলাকাকে সম্পূর্ণভাবে জবরদখলমুক্ত রাখতে হবে। অনুপ্রবেশ কঠোরভাবে রুখতে হবে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি।

ইতিমধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া এবং নিরাপত্তা পরিকাঠামো তৈরির জন্য রাজ্য শিলিগুড়ি করিডর ও সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর হাতে প্রয়োজনীয় জমি তুলে দিয়েছে। জমি হস্তান্তরের পর কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে। এছাড়াও করিডর এলাকায় সেনা চলাচল এবং যোগাযোগ ব্যবস্থা মসৃণ রাখতে রাজ্যের পূর্ত দপ্তরের অধীনে থাকা একাধিক গুরুত্বপূর্ণ সড়ক জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। দ্রুত সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজও শুরু হয়েছে।

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ি সফরে এসে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ তৈরির কথা জানিয়ে ছিলেন। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সেটাও তৈরির কাজ শেষ হয়েছে। ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড তৈরির পাশাপাশি উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক থেকে সীমান্ত এলাকায় বহিরাগতদের আশ্রয় নেওয়া ও জবরদখল নিয়ে সতর্কবার্তা দেন তিনি। জানা গিয়েছে, রাজ্যের তরফে সেই মতো পদক্ষেপ শুরু হয়েছে। নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চিনের চুম্বি উপত্যকা সংলগ্ন ২০ থেকে ২২ কিলোমিটার দীর্ঘ চিকেনস নেকের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে প্রশাসন। করিডর ও সীমান্ত সংলগ্ন সরকারি জমিতে যে কোনও ধরনের দখলদারি সরিয়ে ফেলার উপরে জোর দেওয়া হয়েছে। ওই এলাকা দখলমুক্ত করতে বিশেষ কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটি এবার কাজ শুরু করল বলে খবর।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language