শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি সান্যাল গ্রেপ্তার হয়েছিল দিন কয়েক আগে। এবার তাঁর বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার হল প্রচুর সংখ্যায় বন্দুক-কার্তুজ। ধৃতকে নিয়ে পুলিশ ওই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল। ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালি এলাকায়। সত্যজ্যোতি সান্যাল সন্দেশখালির খুলনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি পদে রয়েছেন।
দিন কয়েক আগে সত্যজ্যোতিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আদালতের নির্দেশে তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ওই তৃণমূল নেতার বাড়িতে একাধিক অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। রবিবার রাতে ধৃতকে নিয়ে সন্দেশখালি এলাকার বাড়িতে পৌঁছয় পুলিশ। একটি ঘরের মেঝে খোঁড়া শুরু হয় তাঁর কথা মতো। বেশি কিছু সময় মেঝে খোঁড়ার পর বেরিয়ে পড়ে ওই অস্ত্র-কার্তুজ।
সেইসব অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। আর কোথায় কোনও অস্ত্র লুকনো আছে কিনা? কেন ওই বেআইনি অস্ত্র বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল? সেগুলি কোথা থেকে আনা হয়েছিল? সেইসব বিষয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। অভিযানে মোট চারটি বন্দুক ও ১৫ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওইসব অস্ত্র দিয়ে লোকজনকে ভয় দেখিয়ে টাকা তোলা হত। গ্রামের আর কোথাও আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা আছে কিনা, জানতে তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করছে সন্দেশখালি থানার পুলিশ।
তৃণমূল আমলে শেখ শাহজাহান ছিলেন সন্দেশখালি-সহ আশেপাশের এলাকার শেষকথা। তাঁরই ঘনিষ্ঠ ছিলেন এই তৃণমূল নেতা। এলাকায় একাধিক দুর্নীতি, জবরদখল-সহ এলাধিক অভিযোগ রয়েছে সত্যজ্যোতি সান্যালের বাড়িতে। অভিযোগ, এলাকার বহু মানুষের জমি দখল করা হয়েছে। মারধর করে মাছের ভেড়িও নেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, এলাকার মজুর, সাধারণ মানুষদের জবকার্ডের টাকাও আত্মসাতের ভূরি ভূরি অভিযোগ রয়েছে। শেখ শাহজাহান এখনও জেলবন্দি। গত কয়েক মাসে সন্দেশখালি এলাকায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন।
