Hashtagintro

হাসপাতালের ‘ভুলে’ মেয়ের মৃত্যুর নথিতে মায়ের আধার লিংক! জীবিত থেকেও ‘মৃত’ গোঘাটের বিনতা

পুরো সুস্থ। দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন! অথচ সরকারি খাতায় মৃত। আধার কার্ড বন্ধ হয়ে গিয়েছে। মিলছে না কোনও সরকারি সুবিধা। অন্নপূর্ণা যোজনা থেকে, আয়ুষ্মান ভারত, আবাস যোজনা-সহ কোনও সরকারি সুবিধা পাচ্ছেন না গোঘাটের (Goghat) প্রৌঢ়া বিনতা পাল। পুরসভা, বিডিও, এসডিও থেকে কলকাতার আধার অফিস ঘুরেও মিলছে না সুরাহা। তাঁর এই অসুবিধার জন্য এক মেয়ে ও স্বামীও কিছু সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি।

গোঘাটের কুমুড়সা অঞ্চলের পাতুলসাড়া এলাকার বাসিন্দা বিনতা। বয়স ৫৮। বছর দুয়েক আগে তাঁর এক মেয়ে আরামবাগের একটি নার্সিংহোমে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেই বিনতাদেবীর মেয়ের মৃত্যু হয়। নার্সিংহোম কর্তৃপক্ষ মেয়ের আধার কার্ডের বদলে মা বিনতার আধার নম্বরের সঙ্গে মৃত্যুর তথ্য লিংক করে দেয়!

তারপরই যত বিপত্তি! সরকারি খাতায় মৃত হন বিনতাদেবী। অথচ মৃত মেয়ে ‘জীবিত’ থেকে যান। প্রৌঢ়ার সব সরকারি সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যায়। বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক কল্যাণ মূলক প্রকল্প যেমন অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ্মান ভারত-সহ একাধিক প্রকল্পের সুবিধা মিলছে না। মাটির ঘর থাকা সত্ত্বেও এই গন্ডগোলের জন্য মিলছে আবাস যোজনার ঘরও। এমনকী মা জীবিত অথচ সরকারি খাতায় মৃত তাই প্রৌঢ়ার আরেক মেয়েও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন না বলে জানিয়েছে পরিবার।

বনিতাদেবী জানাচ্ছেন, বছর আড়াই আগে তাঁর এক মেয়ের মৃত্যুর পর থেকে এই গন্ডগোল শুরু। বিডিও অফিসে গেলে সেখানে তাঁকে জানানো হয় তিনি সরকারি খাতায় মৃত। তাই মিলছে না কোনও সরকারি প্রকল্পের সুবিধা। পুরসভাকে জানানো হলে প্রয়োজনীয় কাগজপত্র দেখার পর মৃত মেয়ের বিষয়টি ঠিক করা হয়। কিন্তু বিনতাদেবীর সমস্যার কোনও সুরাহা মেলেনি বলে দাবি।

তাঁর কথায়, “মেয়ে মারা যাওয়ার পর থেকে এই অসুবিধা। পরে বিডিও অফিস থেকে জানতে পারি মেয়ের জায়গায় আমার আধার নম্বর দেওয়া হয়েছে। সরকারি খাতায় আমি মৃত। বিডিও, এসডিও, কলকাতার আধার অফিস সব জায়গায় গিয়েছে কোনও সুরাহা মেলেনি। আড়াই বছর ধরে সমস্যায় ভুগছি। এর দ্রুত সুরাহা চাই।” এই ঘটনা প্রসঙ্গে গোঘাটের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগর বলেন, “কোনও টেকনিক্যাল গন্ডগোলের জেরে এই কাণ্ড। কোনও আধিকারিকের গাফিলতি থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই পরিবারের পাশে আছি। সমস্যার সামাধান হবে। চিন্তার কিছু নেই।”

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language