জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্যের বিজ্ঞপ্তি জারি হচ্ছে খুব শীঘ্রই। মানুষ এবং বন্যপ্রাণের সহাবস্থানে কার্যত গ্রামের ঘেরাটোপেই সেই প্রস্তাবিত কোটশিলা- ঝালদা বনাঞ্চলের অভয়ারণ্য এলাকা বুধবার ঘুরে দেখবেন রাজ্যের বনবিভাগের মন্ত্রী মনোজকুমার ওরাওঁ। সঙ্গে থাকবেন বিভাগীয় রাষ্ট্রমন্ত্রী দিবাকর ঘরামি, বন বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব মনীষ জৈন, রাজ্যের প্রধান মুখ্য বনপাল সন্দীপ সুন্দরিওয়াল, প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) তথা চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন রাজেশ কুমার।
পুরুলিয়া বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা ১১ টা নাগাদ বনমন্ত্রী ও আধিকারিকরা ঝালদা বনাঞ্চলের সেঁওয়াতি ও কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের কাড়িয়র এলাকা পরিদর্শন করবেন। তারপর ঝালদা বনাঞ্চলে বৈঠক শেষে বিকালে কংসাবতী উত্তর বনবিভাগের আওতায় থাকা সুরুলিয়া মিনি জুতে যাবেন তাঁরা। মঙ্গলবার রাতেই সার্কিট হাউসে চলে আসেন বনমন্ত্রী। একইভাবে ঝালদায় চলে এসেছেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) রাজেশ কুমারও।
গত ২০ সেপ্টেম্বর পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্যের অনুমোদন দেন। তার দু’মাস পর অভয়ারণ্যের ওই প্রস্তাবিত এলাকা বনমন্ত্রীর পরিদর্শনের কর্মসূচি থেকে কার্যত পরিষ্কার, ওই মেগা প্রকল্পের বিজ্ঞপ্তি জারি হবে শীঘ্রই। এমন খবর মিলেছে অরণ্য ভবন সূত্রেই।
বনবিভাগের মন্ত্রী মনোজকুমার ওরাওঁ বলেন, “পরিদর্শন শেষে বৈঠক হোক তারপর এই বিষয়টি বলব।” ঝাড়খণ্ডের সঙ্গে যে নয়া টাইগার ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে সেই বিষয়েও বনমন্ত্রী আলোচনা করবেন বলে খবর। দীর্ঘদিন আটকে থাকা সুরুলিয়া মিনি জুতে কিছুদিনের মধ্যেই লেপার্ড আসবে বলেও জানান বনমন্ত্রী।
কোটশিলা বনাঞ্চলের সিমনি ও নোয়াহাতু বিট এবং ঝালদা বনাঞ্চলের কলমা বিটকে ঘিরে ৩৬০৯.৪০ হেক্টরের ২১ টি মৌজা জুড়ে এই অভয়ারণ্য বিস্তৃত হবে। এর মধ্যেই রয়েছে মেডিশনাল প্ল্যান্ট কনজারভেশন এরিয়া। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টের মাধ্যমে ২০২৩ সালে রাজ্য সরকার ঝালদা বনাঞ্চলের কলমা বিটের কুদাগাড়া মৌজায় এই স্ট্যাটাস দেয়। এখানে ৭৩ রকমের আয়ুর্বেদিক গাছ রয়েছে। তবে আরও গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক গাছ থাকতে পারে এমন সম্ভাবনাও রয়েছে বলে পুরুলিয়ার ঝালদা বনাঞ্চল সূত্রে জানা গিয়েছে। যা এখনও চিহ্নিত হয়নি। ক্যামেরা ট্র্যাপের মধ্য দিয়ে যা উঠে আসতে পারে। এই এলাকায় মানুষের যাতায়াত একেবারে নেই বললেই চলে। হাতি, চিতাবাঘ, ভল্লুক-সহ বিভিন্ন বন্যপ্রাণ এই প্রস্তাবিত অভয়ারণ্যে রয়েছে। অর্থাৎ একদিকে বন্যপ্রাণ সেইসঙ্গে উদ্ভিদ। জীব বৈচিত্র্যে ভরপুর এই বনাঞ্চল অভয়ারণ্যের জন্য একেবারেই আদর্শ। সেই বনাঞ্চলই নিজের চোখে দেখবেন বনমন্ত্রী-সহ আধিকারিকরা। গত অক্টোবরের শেষের দিকে এই কলমা বিটের কিরিবেড়া থেকে কলমা যাওয়ার রাস্তায় বন কর্মীদের মুখোমুখি হয় শ্লথ বিয়ার। অর্থাৎ শুধু ক্যামেরা ট্র্যাপে নয় এই এলাকায় রীতিমতো সাইটিং হয় বন্যপ্রাণের।
