বাড়ির লোকজন আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে ওই বাড়িতে হানা দিল চোরের দল। কেবল টাকা চুরিই নয়, বাড়িতে বসল মদ্যপানের আসর! বানানো হল মদের চাট, রীতিমতো ভূরিভোজ চোরেদের! শুধু তাই নয়, ওই বাড়ি থেকে যাওয়ার সময় ফ্রিজ থেকে দুটি ডিমও নিয়ে গিয়েছে তারা। বাড়ি ফিরে এই ঘটনা দেখে মাথায় হাত লোকজনের। মোট ৭ লক্ষ টাকা নগদ বাড়ি থেকে চুরি হয়েছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
উত্তর ২৪ পরগনার গাইঘাটার ডুমা গ্রাম পঞ্চায়েতের ছোট সেহানা গ্রামের। পেশায় সিভিল কন্ট্রাক্টর হেমন্ত সরকার কর্মসূত্রে হায়দরবারে থাকেন। দিন কয়েক আগে পরিবারের লোকজনদের নিয়ে দক্ষিণ দিনাজপুরে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়ির দরজায় তালা ঝোলানো ছিল। এদিন বাড়ি ফিরে ওই পরিবারের চক্ষুচড়কগাছ। বাড়ির গেট-সহ একাধিক জায়গার তালা ভাঙা। ঘরের ভিতরে সব কিছু কার্যত তছনছ করা হয়েছে।
বাড়িতে সিসিটিভি ছিল। কিন্তু চোরের দল সেই সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নিয়ে গিয়েছে! অভিযোগ, লকার ভেঙে চুরি করা হয়েছে প্রায় ৭ লক্ষ টাকা নগদ। এছাড়াও কাঁসা-পিতলের সামগ্রী, ঠাকুরঘরের মূর্তিও চুরি করা হয়েছে! অভিযোগ, জমির দলিল-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি খোয়া গিয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পরিবারের সদস্যদের মধ্যে। তবে আরও হতবাক হওয়ার দৃশ্য তখনও বাকি ছিল। কারণ, ওই বাড়িতেই চোরেরা রীতিমতো ভূরিভোজের আয়োজন করেছিল!

রান্নাঘরে ঢুকে ফ্রিজ থেকে খাবার বের করে খেয়েছে চোরেরা। মদ খাওয়া হয়েছে দেদারে। মদের জন্য চাটও বানানো হয়েছিল রান্নাঘরে। মদ্যপান করে, খাওয়াদাওয়া সেরে চুরির মাল নিয়ে চম্পট দিয়েছেন চোরেরা। এমনকী যাওয়ার সময় দুটো ডিমও ফ্রিজ থেকে নিয়ে গিয়েছে তারা। খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরিচিত রাই কি এমন সময় নিয়ে চুরি করল? নাকি ওই পরিবারের বাইরে যাওয়ার খবর ছিল দুষ্কৃতীদের কাছে? সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
