অন্য এক তরুণীকে নিয়ে অশান্তি। দীর্ঘদিনের সম্পর্কে চিড়। আর এর জেরেই ‘আত্মঘাতী’ গড়িয়ার তরুণী! বুধবার ওই তরুণীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর প্রেমিককে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া (Garia) থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। জানা গিয়েছে, সম্পর্কে টানাপোড়েনের জেরেই এই ঘটনা ঘটে। এই মৃত্যুর ঘটনায় অপর তরুণীর ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম কৌশিক জানা। গড়িয়ার বাসিন্দা স্নেহা দাসের সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি কৌশিকের জীবনে আসেন অন্য এক তরুণী। তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কৌশিক। সেকথা জানতে পেরে যান স্নেহা। এই নিয়ে দুজনের মধ্যে চরম অশান্তি শুরু হয়। প্রায় প্রতিদিনই যুগলের মধ্যে ঝগড়া হত। স্নেহার পরিবার সূত্রে খবর, কৌশিকের সঙ্গে ঝামেলার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন স্নেহা। এর জেরেই আড়াই মাস আগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। এরপরেই কৌশিকের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করে স্নেহার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
তদন্তে নেমে বুধবার সকালে কৌশিককে গ্রেপ্তার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় কৌশিকের নতুন বান্ধবীর কোনও ভূমিকা আছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সম্পর্কে টানাপোড়েন নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা-ও তদন্ত করে দেখছে পুলিশ। যদিও অভিযুক্ত যুবক আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
