সময় যত এগোচ্ছে, পুরীর আবহাওয়ার পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। প্রায় পর্যটকশূন্য পুরীর সমুদ্র সৈকত। ২২ তারিখ পর্যন্ত পুরীতে পর্যটকদের না আসতে অনুরোধ করেছে প্রশাসন। তবু আশঙ্কা থেকেই যাচ্ছে। সেকথাই মনে করিয়ে দিলেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। আর্জি জানালেন, কেউ যেন এখানে না আসেন। মনে করালেন, জীবন অনেক দামি। রিলের নেশায় কেউই যেন সৈকতে আসার কথা না ভাবেন।
তিনি এদিন বলেছেন, “গোটা দেশ ঘূর্ণিঝড় ‘আকভান’ নিয়ে উদ্বিগ্ন। সবার মনেই দুশ্চিন্তা রয়েছে। গোপালপুরের কাছাকাছি এলাকায় ঝড়টি ল্যান্ডফল করেছে। পুরীর সমুদ্র বেশ উত্তাল! জোয়ারের ধাক্কায় বিরাট বিরাট ঢেউ দেখা যাচ্ছে। প্রশাসন অত্যন্ত কঠোর পদক্ষেপ করেছে। আমি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে ধন্যবাদ জানাতে চাই। তিনি সারা রাত পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। আমরাও পুরীর কালেক্টর অফিসে কর্মকর্তাদের সঙ্গে বসে সেই পর্যালোচনা প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম। সমুদ্র সৈকতে কঠোর নির্দেশ জারি করা হয়েছে। কেউ যেন এখানে না আসেন, কারণ উচ্চ জোয়ারের কারণে এখানে আসা অত্যন্ত বিপজ্জন। মনে রাখবেন, জীবন অনেক দামি। তাই জীবন বাজি রেখে রিলের নেশায় কেউ সৈকতে নামার কথা ভাববেন না।”

বলে রাখা দরকার, ২০১৯ সালের মে মাসে ওড়িশায় আছড়ে পড়েছিল অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী। যার মোকাবিলায় তৎকালীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নেতৃত্বে ‘জিরো ক্যাজুয়ালটি’ বা শূন্য প্রাণহানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হয়েছিল। সেই সাফল্যের কথা মাথায় রেখেই এবারও ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে প্রস্তুত বর্তমান সরকার। সম্বিত পাত্র সেকথাই মনে করিয়ে দিলেন।
উল্লেখ্য, শুক্রবার সকালে ওড়িশার গোপালপুরের কাছে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করেছে ঘূর্ণিঝড় আকভান। এদিন দুপুর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। এর জেরে ওড়িশার উপকূলের জেলাগুলিতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এর প্রভাব পড়েছে বঙ্গেও। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি চলবে শুক্রবারও।
