বাবু পাল আর নেই। তবে তাঁর তৈরি আলোকসজ্জা আজও জ্বলজ্বল করছে। সেই আলো নিভতে দিতে নারাজ মেয়ে সুস্বেতা পাল। বাবার রেখে যাওয়া শিল্পকর্ম বিশ্বদরবারে ছড়িয়ে দেওয়া তাঁর লক্ষ্য। মা চিত্রলেখা পালকে সঙ্গে নিয়ে নতুন পথ চলতে শুরু করেছেন বাবুকন্যা।
২০২৪ সালে প্রয়াত হন চন্দননগরের আলোকশিল্পী বাবু পাল। তাতে পাল পরিবারের দীর্ঘদিনের শিল্পকর্মে ছেদ পড়ে! লড়াই কঠিন হলেও দায়িত্ব কাঁধে নিয়েছেন তাঁর কন্যা সুস্বেতা। কলেজে পাঠরত অবস্থায় বাবার সঙ্গে অল্পবিস্তর কাজ করতেন সুস্বেতা। সেই অভিজ্ঞতা কাজে লাগছে কঠিন সময়ে। বাবু পাল টুনি ও এলইডি আলো নিয়ে কাজ করেছেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আলোকসজ্জার প্রযুক্তিতে বদল এসেছে। এখন আধুনিক প্রযুক্তির ১২ ভোল্টের ডিসি ল্যাম্প ব্যবহার করা হচ্ছে। সুস্বেতাও আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ঐতিহ্যকে পাথেয় করে এগিয়ে চলেছেন। পাশে রয়েছেন মা। বাবু-র সঙ্গে কাজ করা শিল্পীদেরও পরামর্শ নিচ্ছেন তিনি।
বর্তমানে তাঁদের ওয়ার্কশপে প্রায় ১০ জন কর্মী কাজ করছেন। এবছর দুর্গাপুজোয় বেশকিছু বরাদ্দ পেয়েছিলেন তাঁরা। জগদ্ধাত্রী পুজোতেও বরাত এসেছে। হিন্দুস্তান ক্লাবের পাশাপাশি দিল্লি ও ডায়মন্ড হারবারেও পৌঁছে গিয়েছে তাঁদের তৈরি আলোকসজ্জা। এবার চন্দননগরের বাগবাজার বারোয়ারির পুজোতেও দেখা যাবে তাঁদের শিল্পকর্ম।
সুস্বেতার কথায়, “এ বছর পৌরাণিক বিষয়বস্তুকে কেন্দ্রে রেখে আলোকসজ্জা তৈরি করা হচ্ছে। বাবা যতদিন ছিলেন, যেভাবে এই কাজ পরিচালিত হয়েছে, সেই ঐতিহ্য বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। মা চিত্রলেখা পালকে সঙ্গে নিয়ে সেই দায়িত্ব পালন করছি। বাবার সঙ্গে দীর্ঘদিন কাজ করা অভিজ্ঞ কর্মীরাও আমাদের পাশে রয়েছেন। কোনও বিষয়ে সমস্যা হলে তাঁরাই প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সাহায্য করছে।”
চন্দননগরের আলোকশিল্পের ইতিহাসে মহিলা শিল্পী হিসাবে তাঁরাই প্রথম। শুধু বাবার শিল্প বাঁচিয়ে রেখে তাঁর জুতোয় পা গলানো নয়, সমাজের ‘ট্যাবু’ ভেঙে এগানোই চ্যালেঞ্জ মা-মেয়ের কাছে। শুধু নিজেদের বাঁচিয়ে রাখা নয়, আরও ১০ সহকর্মী ও তাঁদের পরিবারেরও দায়িত্ব রয়েছে সুস্বেতার কাঁধে।
