Hashtagintro

আসন পুনর্বিন্যাসে চাই সমর্থন, হিসাবে মেলাতে এবার পওয়ার শিবিরের কাছে শাহ

সংসদে দুই-তৃতীয়াংশের অঙ্ক মেলাতে মহারাষ্ট্রে পাওয়ার পরিবারের দরজায় কড়া নাড়ছে বিজেপি! লক্ষ্য, সীমানা পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাস করানো। আর সেই লক্ষ্যেই এবার আসরে স্বয়ং অমিত শাহ। আগামী সোমবার পুণেতে প্রয়াত অজিত পাওয়ারের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিজেপি, শিবসেনা এবং এনসিপি-র শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজনৈতিক মহলের নজর অবশ্য অন্যত্র। শরদ পাওয়ার ও অজিত পাওয়ার, দুই এনসিপি শিবিরকে এক ছাতার তলায় আনার চেষ্টা কি এবার চূড়ান্ত রূপ পাবে?

সরকারের অন্দরের হিসাব, লোকসভায় সংবিধান সংশোধনী বিল পাস করাতে প্রয়োজন ৩৬১টি ভোট। এপ্রিল মাসে একই ধরনের বিল ২৯৮-২৩০ ভোটে আটকে গিয়েছিল। এবার প্রয়োজনীয় সংখ্যার চেয়ে ১৫-১৮টি ভোট বেশি পাওয়ার দাবি করছে শাসক শিবির। সেই দাবি বাস্তবে কতটা সম্ভব, তা নিয়ে সংশয় থাকলেও বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে সমর্থন বাড়ানোর চেষ্টা চলছে। বিশেষ করে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (শরদচন্দ্র)-এর আট সাংসদের সমর্থন বিজেপির কাছে গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে এনসিপি-র দুই শিবিরের সংযুক্তির জল্পনা তাৎপর্যপূর্ণ। ১ নভেম্বর দিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠক করেছিলেন অজিত পাওয়ার গোষ্ঠীর নেতারা। তার পর থেকেই পুনর্মিলনের জল্পনা জোরদার হয়। কিন্তু শনিবারই শরদ পাওয়ার-কন্যা সুপ্রিয়া সুলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অজিতের মৃত্যুর সঙ্গে সঙ্গেই সংযুক্তি নিয়ে আলোচনা থেমে গিয়েছে। অজিতের স্ত্রী সুনেত্রা পওয়ার শিবিরও দুই দলের সংযুক্তির পক্ষে নয়। ফলে শাহের পুণে সফরে বরফ গলে কি না, সেটাই দেখার।

অন্যদিকে, সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রস্তুতিও প্রায় চূড়ান্ত পর্যায়ে। লোকসভার আসনসংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ করা এবং তার ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণের প্রস্তাব রয়েছে। সব রাজ্যে সমান অনুপাতে আসন বাড়ানোর সূত্র দিয়ে দক্ষিণের রাজ্যগুলির আশঙ্কা প্রশমিত করতে চাইছে কেন্দ্র। বাদল অধিবেশন এখনও আনুষ্ঠানিক ভাবে শেষ না হওয়ায় স্বল্প নোটিসে সংসদ বসানোর সুযোগও রয়েছে। অর্থাৎ একদিকে সংসদে ভোটের অঙ্ক, অন্যদিকে মহারাষ্ট্রে রাজনৈতিক সমীকরণ। মহিলা সংরক্ষণের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সীমানা পুনর্বিন্যাসকে জুড়ে দিয়ে বিরোধীদের আপত্তি উপেক্ষা করতে পারবে মোদি সরকার? না কি ফের আটকে যাবে বিল? তার উত্তর খুঁজতেই এখন শাহর নজর পুণে থেকে সংসদের দিকে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language