বন্ধ ট্রায়াল রুমের দরজা। ভিতর থেকে মেঝেয় গড়িয়ে আসছে রক্ত। সেই ঘটনা দেখে ট্রায়াল রুমের দরজা ঠেলতেই আঁতকে ওঠেন এক কর্মী। ভিতরে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দোকানের কর্মী এক তরুণীকে। শনিবার রাতে হাড়হিম করা ঘটনাটি ঘটেছে দিল্লির মোতিনগর এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রেমের সম্পর্কের টানাপোড়েনেই এই ‘খুন’।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শবনম। ১৮ বছর বয়সী ওই তরুণী দিল্লির মোতিনগর এলাকায় ওই পোশাকের দোকানে কাজ করতেন। গতকাল রাত আটটা নাগাদ তিনি হাতের কাজ গুছিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেইসময় এক যুবক দোকানের ভিতরে গিয়েছিলেন। শবনমকে ডেকে নিয়ে দোকানের অন্য প্রান্তে যান। পরে সকলের অলক্ষ্যে ওই যুবক বেরিয়েও গিয়েছিলেন। বেশ কিছু সময় শবনমকেও দেখতে পাওয়া যায়নি।
এক কর্মী পরে রাত সাড়ে নটা নাগাদ দোকান বন্ধের সময় সেই রক্ত দেখে ট্রায়াল রুমের দরজা খুলে ওই ভয়াবহ দৃশ্য দেখতে পান। এরপরেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দোকানের সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, শবনমের সঙ্গে ওই যুবক কথা বলছেন। এরপর ট্রায়াল রুমের দিকে যান দুজনে। ওই যুবকই খুন করেছে বলে প্রাথমিক অনুমান। পুলিশ ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে।
পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমের টানাপোড়েনেই এমন ঘটনা। দীর্ঘদিন তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। শবনমের সঙ্গে ওই যুবককে মাঝেমধ্যে দেখাও যেত। সম্প্রতি কি দুজনের সম্পর্কের অবনতি হয়েছিল? সেই থেকেই কি এমন ঘটনা? সেই বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুঃসংবাদ পাঠানো হয়েছে ওই তরুণীর পরিবারের সদস্যদের কাছে।