সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। ফেসবুকে তিনি লিখেছেন, “মন্ত্রী হলেই সব কিছু বলবার অধিকার জন্মায় না এবং জ্ঞানও জন্মায় না।” গতকাল, শনিবার রাতে ওই পোস্ট দেখা যায়। আর সেই বিষয় জানাজানি হতেই নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন ছড়িয়েছে। বঙ্গ বিজেপির কর্মী-সমর্থকদের একাংশও এই নিয়ে চর্চা করছেন। তাহলে কি কোনও মন্ত্রীর কথায়, কাজে ক্ষুব্ধ শংকর ঘোষ? সেই মন্ত্রী কি তাঁরই সতীর্থ নাকি অন্য কেউ?
গতকাল রাতে শংকর ঘোষ এই একটি কার্ড পোস্ট করেন। সেখানে তিনি বড় বড় হরফে লিখেছেন, “মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না এবং জ্ঞানও জন্মায় না।” সেই কার্ডের নিচের অংশে মন্ত্রীর ছবি রয়েছে। পদের উল্লেখও করা হয়েছে। কিন্তু এই ইঙ্গিতপূর্ণ পোস্ট কার জন্য? আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ নাকি অন্য কোনও বিষয়? এদিকে পর্যটনমন্ত্রীর এই লেখাকে সমর্থন করছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর কথায়, “মন্ত্রীর দায়িত্বটা অনেক বেশি।”
আজ, রবিবার সকালে খড়্গপুরে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। এই বিষয়ে প্রশ্ন করা হলে সতীর্থকেই সমর্থন করেছেন দিলীপ। পঞ্চায়েতমন্ত্রী বলেন, “সমাজে প্রত্যেক নাগরিকের একটা দায়িত্ব থাকে। আর মন্ত্রীর দায়িত্বটা অনেক বেশি। কারণ, মন্ত্রীকে মানুষ দেখে। সেখানে মন্ত্রীই যদি নিয়ম না মানেন, তাহলে প্রশ্ন উঠতে শুরু করবে।” তিনি আরও বলেন, “শুধু মন্ত্রী নয়, প্রত্যেকেরই সীমার মধ্যে থাকা উচিত। নাগরিকদের একটা দায়িত্ব আছে সমাজের জন্য। এমন কিছু বক্তব্য না বলা, যেটা অন্যকে আহত করে। রীতি-নীতি সংবিধানের পরম্পরার বাইরে। প্রত্যেক মানুষেরই দায়িত্ব রয়েছে।” দিলীপের কথায়, “স্বাভাবিক মন্ত্রী যে লোকে দেখে। তিনি নিজে আগে সংবিধানের আধারে চলবেন তো, নইলে তো বাকিরা প্রশ্ন তুলবেই।”
এদিন মন্ত্রী শংকর জানিয়েছেন, যেটি লেখা হয়েছে, সেটা তিনি মনে করেন। বিজেপি মন্ত্রিসভার সতীর্থদের প্রতি কোনও ইঙ্গিত নয়, সেই কথাও স্পষ্ট করেছেন উত্তরবঙ্গের মন্ত্রী। তাঁর কথায়, “এটা আত্মবিশ্লেষণ বলাই যেতেই পারে। এই বিষয়টি আমি মেনে চলি।”