Hashtagintro

এবার ছুটবে সরকারি বাতানুকূল স্লিপার ভলভো বাস, যাত্রী স্বাচ্ছন্দ্যে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

বেসরকারি স্লিপার বাস ছিলই। এবার রাস্তায় নামতে চলেছে বিলাসবহুল এসি সরকারি স্লিপার ভলভো বাস। খুব শীঘ্রই দূরপাল্লার রুটে ছোটা শুরু করবে আরামদায়ক অত‌্যাধুনিক ভলভো ৯৬০০ বাসগুলি। প্রাথমিকভাবে চারটি স্লিপার বাস এসে গিয়েছে। এগুলো সবই এসবিএসটিসি-র দূরপাল্লার রুটে চলবে। আগামিদিনে আরও কয়েকটি স্লিপার বাস আসার কথা। তবে শুধু স্লিপার বাসই নয়, এসেছে অনেকগুলো অত‌্যাধুনিক ভলভো বাসও। সেগুলো রাখা হয়েছে কসবা বাস ডিপোতে।

বছরদুয়েক ধরেই বিভিন্ন বেসরকারি সংস্থা দূরপাল্লার রুটে স্লিপার এসি বাস নামিয়েছে। যাত্রীদের মধ্যে তা বেশ জনপ্রিয়ও। রাত্রীকালীন যাত্রার জন‌্য এই বাসকে খুবই পছন্দ করেন সাধারণ মানুষ। ফলে দিনে দিনে তার চাহিদা বাড়ছে। উত্তরবঙ্গ হোক বা পুরী –এই বাসে টিকিটের চাহিদা যথেষ্টই। সেইমতো বাসের সংখ‌্যাও বাড়াচ্ছে বেসরকারি মালিকরা। ট্রেনের টিকিট কনফার্ম না হলেই যাত্রীরা এই বাসের যাত্রাকে বেছে নেন। শোয়ার জায়গাগুলোও বেশ আরামদায়ক। তবে ভাড়া অনেকটাই বেশি বলে অভিযোগ যাত্রীদের। দূরপাল্লার থ্রি এসি টিকিটের তুলনায় তা বেশিরভাগ সময়ই দ্বিগুণ থাকে। পুজোর আগে পরে বা শীতকালে, উৎসবের মরসুমে এই বাসে একেকটি টিকিটের দাম পাঁচ হাজারও ছাড়িয়ে যায়। যাত্রীদের দীর্ঘদিনের দাবি, সরকারের তরফে যদি সরকারি স্লিপার বাস নামানো হয়, তাহলে ভাড়াও মানুষের সাধ্যের মধ্যেই থাকবে। সেইমতোই সরকারের পরিকল্পনা।

Wb government is introducing luxury Volvo buses for the convenience of passengers
কসবা বাস ডিপোতে অত্যাধুনিক বাস।

সরকারের নতুন স্লিপার বাসের রুট এখনও চূড়ান্ত হয়নি ঠিকই, তবে প্রাথমিকভাবে আলোচনায় উঠে এসেছে কলকাতা-পুরী, কলকাতা-শিলিগুড়ি, দুর্গাপুর- টাটানগর, কলকাতা-বালুরঘাট বা পুরুলিয়া রুটের কথা। বাসে মোটামুটি ৪০ জন যাত্রী শুয়ে যেতে পারবেন। পরিবহন দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, ভাড়াও থাকবে সাধারণ যাত্রীদের সাধ্যের মধ্যেই।

পরিবহন দপ্তরসূত্রে জানা গিয়েছে, যাত্রীদের আরামের কথা মাথায় রেখেই নতুন ভলভো বাসগুলি তৈরি করা হয়েছে। সিটার বাসে থাকছে বড় ও আরামদায়ক আসন। অন্যদিকে, স্লিপার কোচে থাকছে প্রশস্ত ও আরামদায়ক শোয়ার ব্যবস্থা। জানা গিয়েছে, একেকটি স্লিপার এসি ভলভোর দাম প্রায় দু’কোটি টাকা। আর সাধারণ ভলভোগুলোর ১ কোটি ৭৫ লক্ষ টাকা। পরিবহন দপ্তরসূত্রে খবর, ডাব্লুবিটিসি-র নতুন ২৭টা ভলভো ধাপে ধাপে আসছে। তারমধ্যে দু’টো এসেছে। আগামী সোমবার আরও দু’টো আসার কথা।

অন‌্যদিকে এসবিএসটিসির মোট ১০টি ভলভো আসছে। তারমধ্যে চারটি স্লিপার এসেছে। আর ৬টি সিটার বাস আসছে। বাসের ভিতরে থাকছে ব্যক্তিগত রিডিং লাইট এবং মনোরম পরিবেশ তৈরির জন্য অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের ব্যবস্থাও। গেরুয়া-সাদা রঙের বাসে বাংলার সংস্কৃতিকে মাথায় রেখে করা হয়েছে ডিজাইন। যেখানে হাওড়ার ব্রিজ থেকে দক্ষিণেশ্বর মন্দিরের ছবি স্থান পেয়েছে।

তবে দপ্তরের কর্তাদের ভাবাচ্ছে, মহিলা যাত্রীদের ফ্রি-তে যাওয়ার বিষয়টি। কারণ দূরপাল্লার বাসের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, অনেক সময়ই অনলাইনে ফ্রিতে সিট বুক করে রাখলেও মহিলা যাত্রীরা আসেন না। ফলে বাস ফাঁকাই ছোটে। অত‌্যাধুনিক স্লিপার বাসের ক্ষেত্রে তেমনটা ঘটলে সমস‌্যা। তাই এক্ষেত্রে নতুন কিছু নিয়ম আনা হয় কি না, এখন সেটাই দেখার। যাত্রীদের বক্তব‌্য, সরকারি স্লিপার বাস না থাকায় ভাড়ার নামে কার্যত জুলুমবাজি চালানো হয় বেসরকারি বাসগুলোয়। ফ্লেক্সি ফেয়ারের নাম করে রকেটের গতিতে ভাড়া বাড়ে। এই পরিস্থিতিতে সরকারি স্লিপার বাস এলে বেসরকারি বাসও এতোটা ভাড়া বাড়াতে পারবেন না বলেই মনে করছেন আধিকারিকরা।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language