Hashtagintro

ওয়ার্ড পুনর্বিন্যাস আইন মেনেই, দ্রুত ভোটের আর্জি জানিয়ে ‘সুপ্রিম’ দরবারে পুরসভা, সোমেই শুনানি

কলকাতার পুরভোটের বিজ্ঞপ্তি ঘোষণায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ কলকাতা পুরসভা। বৃহস্পতিবার পুরসভার তরফে মামলার দ্রুত শুনানি চেয়ে আইনজীবী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর এজলাসে দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, “পুরসভার আসন পুনর্বিন্যাস আইন মেনেই হয়েছে। তাই ভোট ঘোষণায় হাই কোর্টের স্থগিতাদেশ বাতিল করা হোক।”

উল্লেখ্য, এর আগে রাজ‌্য সরকারও সুপ্রিম কোর্টে একই আবেদন করেছে। মমতা-তৃণমূল কংগ্রেসের তরফে ক‌্যাভিয়েট করে অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ও আবেদন করে বলেছেন, সব পক্ষের বক্তব‌্য শোনা হোক। এর আগে রাজ‌্য নির্বাচন কমিশন ২৮ নভেম্বর কলকাতা ও হাওড়ার পুরভোট করার প্রস্তুনি নিলেও রাজ‌্য সরকারের তরফে ২০ নভেম্বর দুই পুরসভার নির্বাচন করার উদ্য়োগ নিয়েছিল। তবে এদিন পুরসভার আবেদনের পর প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর , সোমবার এই সংক্রান্ত সব মামলার শুনানি একসঙ্গে হবে। যদিও মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালীপুজোর আগের দিন শিল্পমন্ত্রী তাপস রায়ের পুজো উদ্বোধন করতে এসে প্রকাশ্যে জানিয়ে দেন, ৩০ নভেম্বরের মধ্যে পুরভোট ঘোষনা করা গেলে সব ওয়ার্ডেই কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। আর কো-অর্ডিনেটরের ক্ষমতা হবে কাউন্সিলরদের সমান।

বিধানসভা ভোটে পালাবদলের পর মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করায় ৮ জুন কলকাতা পুরবোর্ড ভেঙে দেওয়া হয়েছে। মুখ‌্যমন্ত্রীর সিদ্ধান্তে এরপর ১৪৪টি ওয়ার্ড ভেঙে ২০৯টি করা হয়। কিন্তু সেই পুনর্বিন‌্যাসে আপত্তি জানিয়ে সিপিএমের প্রাক্তন কাউন্সিলর দীপু দাস মামলা করায় কলকাতার পুরভোট ঘোষণায় গত ৬ নভেম্বর স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে মামলাটি বিচারাধীন রয়েছে। তাই সেখানে সেখানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ এ বিষয়ে রাজ্য এবং মামলাকারীর হলফনামা চেয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে সেখানে আসন পুনর্বিন্যাস মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language