সিকিমে ভারত-চিন সীমান্তে (Sikkim India-China Border) রহস্যময় চিনা বিমান! অন্তত ২০ থেকে ২৫ মিনিট উড়ানটি ভারতের আকাশে চক্কর কেটেছে বলেও দাবি। ঘটনাটি গত ১২ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবারের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, চিনের দিক থেকে বিমানটি ভারতের আকাশে উড়ে এসেছিল। শুধু তাই নয়, বায়ুসেনা বারবার সতর্ক করলেও বিমানটি ভারতের সীমানা থেকে সরে যায়নি বলে অভিযোগ।
বায়ুসেনা সূত্রে খবর, এদিন দিন সকাল ৮টা নাগাদ সিকিমের আকাশে রহস্যময় বিমানটি দেখা যায়। প্রায় ২৫ হাজার ফুট উঁচুতে সেটি চক্কর কাটছিল। তারপর উড়ানটিকে আর দেখা যায়নি। সূত্রের খবর, বিমানটি ছিল চিনের সামরিক বাহিনীর। গোটা ঘটনাটি প্রকাশ্যে আসতেই হতেই শুরু হয়ে গিয়েছে চাপা গুঞ্জন। তাহলে কি ভারতে নজরদারির উদ্দেশ্যেই উড়ানটি পাঠিয়েছিল বেজিং? বাড়ছে জল্পনা। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনও তথ্য এখনও জানা যায়নি।
বলে রাখা ভালো, উত্তরেই রয়েছে চিকেনস নেক। সংবেদনশীল এই এলাকায় নিরাপত্তা জোরদার করতে পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। সাজানো হচ্ছে সেনাবাহিনীকে। আধুনিক সমরস্ত্রও মজুত করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের আকাশে চিনা বিমানের প্রবেশ যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, ডোকলাম নিয়ে ভারত-চিনের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলেছে। ভারতের সীমান্তে চিন বেআইনি নির্মাণ চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সিকিম-সহ আশপাশের সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনা।
Source: Sangbad Pratidin India (Bengali)
