রাস্তার গর্তে জল,কাদা জমেছিল। গাড়ির চাকা সেই গর্তে পড়লে জল, কাদা দুই বাইক আরোহীর গায়ে লাগে। কেন কাদা, জল গায়ে ছিটবে? সেই প্রশ্ন তুলে গাড়ির চালক, আরোহীর উপর হামলা চালাল পেশায় ইউটিউবার ওই দুই বাইক আরোহী। গাড়ির চালকের মুখে ছিটানো হল থুথু! গাড়িতে হিলেন এক সরকারি কর্মী। ভারী পাথর দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। ওই দুই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
অভিযোগ, মঙ্গলবার সকালে পাওয়ার গ্রিডের কর্মী পূর্ণব্রত বেহেরা গাড়িতে দুর্গাপুরের পারুলিয়া থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন। রাস্তা খারাপ, উপরন্তু বৃষ্টির কারণে গর্তে জল-কাদাও জমেছিল। একটি গর্তে গাড়ির চাকা পড়ায় রাস্তার জমা জল ছিটকে লাগে পাশ দিয়ে যাওয়া একটি মোটরবাইকের দুই আরোহীর গায়ে লাগে। ওই দুই আরোহীর একজন যুবতী। তাঁরা দুজনেই পেশায় ইউটিউবার। অভিযোগ, তাঁরা দুজনেই বাইক থেকে নেমে ওই গাড়ির চালক ও আরোহীর উপর হামলা চালায়।
কেন গায়ে কাদা-জল ছেটানো হল? সেই নিয়ে প্রথমে বচসা চলে। অভিযোগ, বাইক আরোহী হেলমেট খুলে ওই গাড়ির চালকের মুখে থুতু ছিটিয়ে দেন। গাড়িতে পিছনের আসনে থাকা ওই সরকারি কর্মী ঘটনার প্রতিবাদ করেন। অভিযোগ, বাইক আরোহী তরুণী রাস্তা থেকে পাথর তুলে তাঁকে সেসময় আঘাত করেন। পাথরের আঘাতে মাথা ফেটে যায় ওই সরকারি কর্মীর। ঘটনায় লোকজন জড়ো হয়ে যায় এলাকায়। জানা যায়, ওই দুই বাইক আরোহী পেশায় ইউটিউবার। তাঁদের নাম রোহিত ও মৌটুসি মণ্ডল। দুর্গাপুর নিউডাউন থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। দুই ইউটিউবারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
জখম সরকারি কর্মীর চিকিৎসা হয় হাসপাতালে। তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি থানায়। দু’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অভিযোগ হয়েছে। পুরো ঘটনা ঘটিয়ে দেখে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।