কলকাতার মা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম ৪ জন। ওই ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। তিনি স্পষ্ট ভাষায় জানান, এটি ‘মার্ডার কেস’ বা খুনের চেষ্টার মামলা হওয়া উচিত। পুলিশের সঙ্গে তাঁর কথা হয়েছে। অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসার কথাও পুলিশকে জানানো হয়েছে। সেই কথা মন্ত্রী নিজেই জানিয়েছেন।
শনিবার সকালে পার্ক সার্কাসের দিক থেকে আসা একটি গাড়ি ডিভাইডার টপকে উলটো দিকের লেনে উঠে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়িতে সজোরে থাকা মারে গাড়িটি। এর জেরে গাড়িটি দুমড়ে মুছড়ে যায়। দুর্ঘটনায় দুই গাড়ির এয়ারব্যাগই খুলে যায়। ফলে প্রবল সংঘর্ষ হলেও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে আহত হয়েছেম দুই গাড়ির কমপক্ষে ৪ জন যাত্রী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, আহতদের মধ্যে একজনকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। বাকিদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এদিন আসানসোলে নিজের বিধানসভা কেন্দ্রে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অগ্নিমিত্রা পাল। সেখানেই এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। মা ফ্লাইওভারের ঘটনাকে মোটেই সাধারণ দুর্ঘটনা মানতে নারাজ মন্ত্রী। তিনি স্পষ্ট জানান, খুনের চেষ্টার মামলা হওয়া উচিত। বেপরোয়া গাড়ি চালকদের কড়া সমালোচনা করেন অগ্নিমিত্রা। তিনি বলেন, “হিন্দি সিনেমা দেখে বাস্তব জীবনে এই ধরনের বেপরোয়া আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ফ্লাইওভারের মতো জায়গায় এ ধরনের স্পিডিং গাড়ি সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, যা কোনোমতেই মেনে নেওয়া যায় না। দোষীদের অবিলম্বে কোমড়ে দড়ি বেঁধে গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, “এই ধরনের অপরাধমূলক গাফিলতি সমাজে চলতে দেওয়া যায় না।”
