বেঙ্গালুরুর একটি বহুজাতিক সংস্থায় চাকরি করেন তরুণী। তা গোপন করে স্বামীর কাছে খোরপোশ চেয়ে আদালতে মামলা করেছিলেন। সব জানার পর কলকাতা হাই কোর্ট জানিয়ে দিল, স্ত্রীকে আর এক টাকাও খোরপোশ দেওয়া হবে না। উলটে স্বামীর চেয়ে তাঁর উপার্জন বেশি হওয়ার পরেও সেই তথ্য গোপন করার জন্য স্ত্রীকে ২০ হাজার টাকা জরিমানা করল আদালত। বুধবার বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস এই রায় দেন। তিনি বলেন, স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা বি-টেক এবং এমসিএ। ফলে তাঁর তরফে জমা করা হলফনামা ইচ্ছাকৃতভাবে নিজের প্রকৃত আয় গোপন করে আদালতকে বিভ্রান্ত করেছেন তিনি।
গত কয়েক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছে। ২০২২ সালের ৫ এপ্রিল স্বামীর কাছে খোরপোশ চেয়ে আলিপুর আদালতে মামলা করেন স্ত্রী। দাবি করেন, তিনি কোনও উপার্জন করেন না। এবং আর্থিকভাবে স্বামীর উপর নির্ভরশীল। মাসে ১ লক্ষ ৮০ হাজার টাকা খোরপোশও চান। ২০২৪ সালে আলিপুর আদালত স্বামীকে প্রতি মাসে ৪৫ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যান স্বামী।
স্বামীর আইনজীবী অরিন্দম জানা আদালতে দাবি করেন, তাঁর মক্কেলের স্ত্রী চাকুরিরতা। কিন্তু সে কথা গোপন করে গিয়েছেন। মামলা শুনানি চলাকালীন তা খতিয়ে দেখা হয়। তাতেই সামনে আসে আসল তথ্য। জানা যায়, ওই মহিলা বেঙ্গালুরুতে বহুজাতিক সংস্থায় কর্মরত। ২০২৬ সালের আগস্ট মাসে ১ লক্ষ ৭৫ হাজার ৫৯৪ টাকা বেতন পেয়েছেন। যা তাঁর স্বামীর মাসিক আয়ের থেকে কিছুটা বেশি। কারণ, তাঁর স্বামীর মাসিক আয় ১ লক্ষ ১৫ হাজার টাকা।
স্ত্রী অবশ্য আত্মপক্ষ সমর্থনে যুক্তিও দেন। তাঁর দাবি, ভুল বোঝাবুঝির কারণেই নাকি আদালতে ভুল তথ্য দিয়ে ফেলেছেন। যদিও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস এই দাবি খারিজ করে করে দেন। তাঁর পর্যবেক্ষণ, স্ত্রী নিজেকে বেকার বলে মিথ্যা তথ্য দিয়েছেন খরপোশের লোভেই। এরপরই হাই কোর্ট আলিপুর আদালতের খোরপোশের নির্দেশ খারিজ করে দেয়। সুতরাং ৪৫ হাজার টাকা করে আর দিতে হবে না স্বামীকে।