Hashtagintro

জিএসটি আধিকারিক পরিচয়ে গয়নার শোরুমে ‘লুট’, পার্ক স্ট্রিটে চাঞ্চল্য

‘স্পেশাল ২৬’ এবার জিএসটি আধিকারিকদের রূপে। কখনও স্টক পরীক্ষা, আবার কখনও নথিতে কারচুপির অভিযোগ তুলে ভুয়ো তল্লাশি। এভাবেই জিএসটি আধিকারিক পরিচয় দিয়ে সোনার গয়নার অফিসে হানা দিয়ে প্রায় আড়াই কোটি টাকার সোনা হাতিয়ে পালাল লুঠেরা গ‌্যাং। এমনকী, পালানোর সময় অফিসের এক কর্মীকেও নিজেদের সঙ্গে নিয়ে যায় তারা। পার্ক স্ট্রিটের একটি নামী বহুতলের একটি গয়নার দোকান তথা শোরুমে ঘটেছে এই ঘটনাটি।

এই ব‌্যাপারে ওই দোকানের পক্ষ থেকে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। দোকানের সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে যে কর্মীকে সঙ্গে করে লুঠেরা গ‌্যাংয়ের সদস‌্যরা নিয়ে যায়, তঁার সঙ্গে ওই গ‌্যাংয়ের কোনও যোগাযোগ রয়েছে কি না, তা পুলিশ জানার চেষ্টা করছে। পুলিশের সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেলে ওই দোকানে কয়েকজন হাজির হয়ে নিজেদের জিএসটি আধিকারিক বলে পরিচয় দেয়। এরপর অফিসের সোনার গয়নার স্টক পরীক্ষা করার কথা বলে কর্মীদের কাছ থেকে গয়না বের করায় তারা। পরীক্ষা চলাকালীন নথিতে গরমিলের অভিযোগ তুলে ওই গয়নাগুলি বাজেয়াপ্ত করার নামে ১০৮টি সোনার চুড়ি এবং ২০টি সোনার বালা নিজেদের দখলে নেয় তারা।

সব মিলিয়ে গয়নার ওজন প্রায় ১ হাজার ৯৮২ গ্রাম। এর দাম প্রায় আড়াই কোটি টাকা। পালানোর সময় তারা জানায়, বাজেয়াপ্ত করা গয়না ও ওই কর্মীকে জিএসটি দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও পরে দোকান কর্তৃপক্ষ জিএসটি দপ্তরে খবর নিয়ে জানতে পারে যে, জিএসটি এই ধরনের কোনও অভিযানই চালায়নি। খোঁজ মেলেনি ওই কর্মীরও। সিসিটিভির ফুটেজে শনাক্ত করে ওই দুষ্কৃতীদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language