প্রথম সন্তানের বয়স মোটে এক বছর আড়াই মাস। এরমাঝেই ফের মা-বাবা হওয়ার সুখবর দিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। পঁচিশ সালের জুলাই মাসে বিয়ের দু’বছরের মাথায় প্রথমবার সন্তানসুখ পেয়েছিলেন কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা। অভিনেত্রীর কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে এক কন্যাসন্তান। মেয়ে সারায়ার মুখ যদিও এযাবৎকাল প্রকাশ্যে আনেননি, তবে ছুটির মুডে লক্ষ্মীছানার বালি মাখা ছোট্ট পায়ের ছবি শেয়ার করেছেন সেলেব মম কিয়ারা আডবাণী। ইনস্টা হ্যান্ডলে অবসরযাপনের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। দ্বিতীয় প্রেগন্যান্সি ঘোষণার পর প্রথমবার প্রকাশ্যে কিয়ারা। ছবি দেখে আপ্লুত নেটভুবন বলছে, পারফেক্ট প্রেগন্যান্সি গ্লো!
পারিবারিক ছুটির মুডে কখনও পুলে জলকেলি তো কখনও আবার রোদ পোহাচ্ছেন কিয়ারা। সিদ্ধার্থ, সারায়ার সঙ্গে কোথায় ছুটি কাটাচ্ছেন সেটা অবশ্য খোলসা করেননি। তবে সোশাল মিডিয়া পোস্ট দেখে প্রাথমিক অনুমান, পাহাড়ের কোলে ছুটির মুডে তারকা দম্পতি। একই পোস্টে আবার সমুদ্রসৈকতে ছোট্ট সোনার বালি মাখা পায়ের ছবিও পোস্টও করেছেন কিয়ারা আডবাণী।
View this post on Instagram
সম্ভবত, পাহাড়ের পটভূমিতে এমন কোনও জায়গায় ঘুরতে গিয়েছেন যেখানে একইসঙ্গে সাগরের ঢেউও উপভোগের সুযোগ রয়েছে। ঘুরতে গিয়ে সেলফি মাস্ট। তাই রংমিলান্তি হলুদ পোশাকে সেলফিতে মজে সিদ-কিয়ারা। কিয়ারার মুখের উজ্জ্বলতা দেখে মুগ্ধ অনুরাগীরাও। একজনের মন্তব্য, ‘মায়ের মুখে মাতৃত্বের আভা।’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘মাতৃত্ব যেন তোমার মধ্যে কবিতার মতো ফুটে উঠেছে, কিয়ারা।’ অপর একজন লিখেছেন, ‘মা, তোমাকে কী দারুণ উজ্জ্বল দেখাচ্ছে!’
View this post on Instagram
৭ অক্টোবর, বুধবার সাতসকালে ইনস্টাগ্রামে এক মিষ্টি পারিবারিক ফ্রেম ভাগ করে নিয়ে ফের মা-বাবা হওয়ার খবর ভাগ করে নিয়েছেন বলিপাড়ার তারকাদম্পতি। যেখানে দেখা যাচ্ছে সিদ্ধার্থ-কিয়ারার হাতের মাঝে রাখা তাঁদের কন্যাসন্তানের হাত। আর সেই তুলতুলে নরম হাতে ধরা একজোড়া ছোট্ট মোজা। ক্যাপশনে উল্লেখ, “আবারও জীবনের সর্বশ্রেষ্ঠ উপহারটা পেলাম। আমাদের মন ভালোবাসা, কৃতজ্ঞতায় ভরে উঠেছে।”
