Hashtagintro

‘তৃণমূল আমলের ক্রিমিনাল’, গুলিবিদ্ধ কনস্টেবল সাক্ষাতে হাসপাতালে শুভেন্দু, উঠল ‘জমা-খরচ’ প্রসঙ্গও

বীরভূমে আসামী ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস। শনিবার রাতে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহত কনস্টেবলের সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন, ”ওই পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না।” শুধু তাই নয়, গোটা ঘটনায় প্রাক্তন তৃণমূল সরকারকে নিশানায় নিয়ে তাঁর দাবি, ”এরা সব তৃণমূল আমলের ক্রিমিনাল।” এছাড়াও, সাংবাদিকদের তরফে অভিযুক্তের ‘জমা-খরচ’ হবে কি না প্রশ্ন উঠলে মুখ্যমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত পুলিশ আধিকারিকরা ‘অন স্পট’ নেন।

শনিবার আহত কনস্টেবল বিশ্বজিতের সঙ্গে দেখা করে বেরিয়ে শুভেন্দু বলেন, “রতন শেখের বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়েছি। ও একজন ‘নটোরিয়াস ক্রিমিনাল’। ৩৬টা কেস রয়েছে ওর বিরুদ্ধে। তৃণমূল সমর্থিত এই দুষ্কৃতীকে এ বছর বীরভূম পুলিশ গ্রেফতার করেছিল। কিন্তু পুজোর সময় কী করে ও জামিন পেল সেটা আশ্চর্যের। আমি আইন প্রতিমন্ত্রীকে খোঁজ নিতে বলেছি ৩৬টা কেস, ওয়ারেন্ট থাকা সত্ত্বেও কীভাবে ও জামিন পেল। সবটা তদন্ত করা হবে। খতিয়ে দেখা হবে সরকারি আইনজীবীর ভূমিকাও। রতন শেখের বিরুদ্ধে আইনত যা যা করার করব। ভাবছে আগের সরকার আছে। ৬ মাসে সব আবর্জনা পরিষ্কার হবে না। যতটা করা যায় করছি।”

শুভেন্দু বলেন, ‘রতন শেখের বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়েছি। ও একজন ‘নটোরিয়াস ক্রিমিনাল’। ৩৬টা কেস রয়েছে ওর বিরুদ্ধে।’

এরপরই সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয়, অভিযুক্তের কি ‘জমা খরচ’ হবে? উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “আইনের পথেই ব্যবস্থা হবে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যা করার পুলিশ করবে। পুলিশকে গুলি করতে এসেছিল। আত্মরক্ষার জন্য পুলিশ সেদিনও ব্যবস্থা নিতে পারত। পুলিশেরও বাঁচার অধিকার আছে। তাঁকে বন্দুটের গুলিগুলো পকেটে গুঁজে রাখার জন্য দেওয়া হয়নি। ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। ক্ষেত্র বিশেষে পুলিশ অন স্পট ঠিক করবে। কিন্তু খুনি, গুন্ডাদের বিরুদ্ধে পুলিশকে খোলা ছাড় দেওয়া হয়েছে। আমি বলব, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমরা গ্রেফতার করব, কাস্টডি ট্রায়াল করাবো। সর্বোচ্চ শাস্তি যাতে হয় চেষ্টা করা হবে।” একইসঙ্গে বলেন, “পুলিশের রক্ত ব্যর্থ হবে না। আমার পুলিশের গায়ে হাত পরলে আমি বসে থাকব না। তাঁদের পাশে দাঁড়াব।”

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছিল, রতন শেখ নামে অভিযুক্ত শান্তিনিকেতনের লাইক বাজারে রয়েছে। তাকে ধরতে সাদা পোশাকে বাইকে চেপে প্রান্তিক আউট পোস্ট থেকে সেখানে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশ কর্মী। রতনকে নাগালের মধ্যেও পেয়ে গিয়েছিলেন তাঁরা। সেসময় সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালায় রতন। তাঁর পায়ে গুলি লাগতেই চারদিকে আতঙ্ক ছড়ায়। সেই সুযোগে পালিয়ে যায় অভিযুক্ত। জখম কনস্টেবলকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে রাতেই বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language