নিউ মার্কেটের হোটেল শিখা ইন-এর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চার্জশিট পেশ করল লালবাজারের ‘সিট’। বৃহস্পতিবার বিকেলে ব্যাঙ্কশাল আদালতে তিন অভিযুক্ত বীরেশ্বর মিত্র, আবু জাফর ও আবুর স্ত্রী সাবা জাফরের বিরুদ্ধে লালবাজারের গোয়েন্দারা চার্জশিট পেশ করেন।
১৯ আগস্ট ভোররাতে নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলের তিনতলায় আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি-সহ ন’জনের মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ছিল এক শিশুও। সেই ঘটনার ৯০ দিনের মধ্যেই চার্জশিট পেশ হল। চার্জশিটে ৯০ জনের সাক্ষ্য রয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া, ষড়যন্ত্রের ধারা লাগু করা হয়েছে। তার সঙ্গে পেশ করা হয়েছে ফরেনসিক রিপোর্টও। প্রায় ৩৫০ পাতার এই চার্জশিটে তুলে ধরা হয় ঘটনার ভয়াবহতা। সূত্রের খবর, চার্জশিটে উল্লেখ করা রয়েছে, হোটেলের ঘরগুলি ভেঙে ছোট করা হয়েছিল। প্রায় প্রত্যেক ঘরেই ছিল এসি। কোনও নিয়ম না মেনে এতগুলি এসি লাগানোর ফলে বিদ্যুতের ওভারলোড হয়ে যায়। বোর্ড থেকে আগুন ছড়িয়ে পড়ে ঘরগুলিকে গ্রাস করতে থাকে।
আবাসনকে বেআইনিভাবে হোটেলে পরিণত করা হয়েছিল। এই ব্যাপারে পুরসভা ও দমকলের কাছে আবেদন জানালেও কোনও অনুমতি পাননি হোটেলের মালিকরা। কোনও অনুমতি ছাড়াই চলছিল হোটেল। তার ফলেই গভীর রাতে নিউ মার্কেটের হোটেল শিখা ইন-এ ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। হোটেলের মূল মালিক ছিলেন বীরেশ্বর মিত্র। তাঁর থেকে থেকে মাসিক ৪০ হাজার টাকায় লিজ নেন জোড়াসাঁকোর ব্যবসায়ী আবু জাফর। আবুর স্ত্রী সাবা জাফরের নামেই লিজ নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
