কেন্দ্র ও রাজ্যের মৌ স্বাক্ষর হল। পুলিশের আধুনিকীকরণ, পরিকাঠামোগত উন্নতির জন্য একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশি ব্যবস্থাকে আরও উন্নতির বার্তা দিয়েছেন আগেই। আরও একবার আধুনিক সরঞ্জাম পুলিশের হাতে তুলে দেওয়ার কথা, এদিন ফের বলেছেন তিনি। বঙ্গে ‘পুলিশ মিত্র’ অ্যাপ চালু হল। নবান্ন সভাঘর থেকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী।
কী জন্য চালু হল এই অ্যাপ? জানা গিয়েছে, পুলিশকে আরও জনমুখী করার জন্যই এই পদক্ষেপ। পুলিশ আধিকারিকরা কোন এলাকায় কর্মরত রয়েছেন, এই অ্যাপের মাধ্যমে জানা যাবে। বিট অফিসাররা কোন দায়িত্বে রয়েছেন, সেগুলিও জানা যাবে। সাধারণ মানুষের কাছে বিট অফিসার, পুলিশ আধিকারিকদের সম্পর্কে তথ্য থাকা উচিত সাধারণ মানুষের কাছে। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ বাড়ানোর জন্যই এই পদক্ষেপ। প্রশাসনিক কাজে আরও স্বচ্ছতা আসবে, এমনই মনে করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের আমলে পুলিশে নিয়োগ হয়েছে। পুলিশকে ঢেলে সাজানোর বার্তা আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশের হাতে আধুনিক সরঞ্জাম, গাড়ি তুলে দেওয়ার কথা বলেছেন শুভেন্দু। এদিন ফের তিনি পুলিশ কর্মীর ঘাটতির কথা বলেছেন। কাজের পরিধি বাড়লেও পর্যাপ্ত পুলিশকর্মীর অভাব রয়েছে। কেবল পরিকল্পনাই নয়, বাস্তবায়ণও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। এই বিষয়ে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে। পুলিশ টিমের পাশাপাশি স্বরাষ্ট্রসচিবও এই কাজে নজরদারি চালাচ্ছেন বলে জানানো হয়েছে। আগের সরকারের আমলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। পালাবদলের পর বিজেপি রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সমন্বয়ে যৌথভাবে কাজ করতে আগ্রহী। রাজ্য সরকার নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়ে কোনও তথ্য গোপন করতে চায় না। যৌথ সমন্বয়ে বৈঠকও হয়েছে। সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য। সেজন্য নিরাপত্তার বিষয়টিতে আরও জোর দেওয়া প্রয়োজন। ভালো ফলের জন্য আরও তিনমাস রাজ্য সরকারকে সময় দেওয়া উচিত। সেই কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
