দিলজিৎ দোসাঞ্ঝ। বর্তমানে পাঞ্জাবের ‘একমেবাদ্বিতীয়ম’ মেগাস্টার। একাধারে গায়ক হিসেবে তিনি যেমন আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন, তেমনই সিনেমার পর্দায় নিজস্ব ক্যারিশ্মায় আসমুদ্রহিমাচলের মনে ঝড় তোলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তাঁর কাজের সংখ্যা নেহাত কম নয়। ‘উড়তা পাঞ্জাব’, ‘ফিল্লৌরি’, ‘সূরমা’, ‘অর্জুন পাটিয়ালা’, ‘গুড নিউজ’, ‘সূরজ পে মঙ্গল ভারি’ থেকে হালফিলের ‘বর্ডার ২’, ‘অমর সিং চমকিলা’ ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’র মতো একাধিক বলিউড সিনেমায় অভিনয় করে দর্শক তো বটেই এমনকী সিনেসমালোচকদের কলমেও ভালো নম্বর হাঁকিয়েছেন। কিন্তু পাঞ্জাবের বাইরে যে সিনেইন্ডাস্ট্রি তাঁকে বিশ্বমঞ্চের লাইমলাইটে এনে দিল, সেই বলিউড নিয়েই কিনা কোনও উচ্চবাচ্য নেই! সেপ্রসঙ্গ টেনেই দিলজিৎকে খোঁচা মিকা সিংয়ের।
“দিলজিৎকে কখনও বলতে শুনিনি যে, ‘সানি দেওলের সঙ্গে আমার সিনেমা রিলিজ করছে, এটা বড় একটা বিষয়। রিলিজের সময়ে তো নয়ই, এমনকী তার পরেও ‘বর্ডার ২’ নিয়ে কোনও…”

দিলজিৎ এবং মিকা- দুই তারকাই ‘পাঞ্জাব দি পুত্তর’। পাঞ্জাবের মাটি থেকে বেরিয়ে বলিউডের পিচেও দুই শিল্পী বেজায় প্রসিদ্ধ। একজন যেমন গান-অভিনয়ের দক্ষতায় দর্শকমনে জায়গা করে নিয়েছেন, অন্যজন তেমনই সুরেলা কণ্ঠে এযাবৎকাল একাধিক সুপার-ডুপার হিট গান উপহার দিয়েছেন। এবার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সতীর্থ ভূমিপুত্রকে নিয়ে রীতিমতো বোমা ফাটালেন মিকা সিং। গায়কের মন্তব্য, “‘বর্ডার ২’ যখন মুক্তি পেল, তখন দিলজিৎ পা’জি এক শতাংশও এই সিনেমার প্রচার করেননি। দিলজিৎকে কখনও বলতে শুনিনি যে, ‘সানি দেওলের সঙ্গে আমার সিনেমা রিলিজ করছে, এটা বড় একটা বিষয়। রিলিজের সময়ে তো নয়ই, এমনকী তার পরেও ‘বর্ডার ২’ নিয়ে কোনও পোস্ট করতে দেখিনি ওকে। ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’র গানও যখন মুক্তি পেল, তখনও ওঁর কোনও পোস্ট দেখিনি। শুধুমাত্র একটি সিনেমা নিয়েই পোস্ট করেছিলেন, যেখানে একজন পাকিস্তানি শিল্পী ছিলেন।”
“‘সর্দারজি ৩’ ছবিতে তো পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরের পাশাপাশি নীরু বাজওয়াও ছিলেন। অথচ ওই সিনেমা নিয়ে যে একটি মাত্র পোস্ট দিলজিৎ করেছিলেন, সেখানে হানিয়ার নাম…”

বলাই বাহুল্য, মিকা সিং এখানে ‘সর্দারজি ৩’ সিনেমার প্রসঙ্গ উল্লেখ করেছেন। পহেলগাঁও সন্ত্রাসের আবহে যে ছবির পাক শিল্পীদের নিয়ে প্রচার করে বিতর্কে জড়িয়েছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। ‘পাঞ্জাবি পপস্টার’কে খোঁচা দিয়ে মিকার মন্তব্য, “আমি বুঝি না যে বলিউডে কাজ করেও কেন সেই সিনেইন্ডাস্ট্রির হয়ে কোনও কিছুর প্রচার করেন না? অথচ উনি বলেন, ‘আমার বলিউডের প্রয়োজন নেই’— অথচ কাজটা কিন্তু বলিউডেই করছেন। একজন ভাই হিসেবেই আমি ওঁকে এই কথাগুলো বলছি। ‘বর্ডার ২’ আমাদের দেশের অন্যতম বড় একটি সিনেমা। দেশাত্মবোধক সিনেমা। তাহলে আপনি কেন এই সিনেমা নিয়ে কোনও পোস্ট করলেন না? ওঁর ইনস্টাগ্রাম ঘাঁটলে দেখবেন, ‘বর্ডার ২’-এর প্রচারের একটি ভিডিও-ও নেই।” এখানেই অবশ্য থামেননি তিনি। মিকা এও মনে করিয়ে দিলেন যে, “‘সর্দারজি ৩’ ছবিতে তো পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরের পাশাপাশি নীরু বাজওয়াও ছিলেন। অথচ ওই সিনেমা নিয়ে যে একটি মাত্র পোস্ট দিলজিৎ করেছিলেন, সেখানে হানিয়ার নাম থাকলেও নীরু বাজওয়ার নাম একটিবারের জন্যেও নেননি। তাই আমার মতে, প্রচার যদি করতেই হয়, তাহলে সবকিছুরই প্রচার করব। বেছে বেছে কেন করব?” মিকার এহেন মন্তব্য ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে।
