পশ্চিমবঙ্গ থেকে পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। ৫৫ জন যাত্রীকে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারল বাস। ঘটনায় মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। তবে অনেকেই আহত। কয়েকজন পুণ্যার্থীকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে ওড়িশার জাজপুরে। বদাচনা থানা এলাকায় পুরী থেকে ১১৫ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার অভিঘাতে বাসটির সামনের অংশে দুমড়েমুচড়ে গিয়েছে। বাসের যাত্রীদের অনেকেই বাসের মধ্যেই ছিটকে পড়েন। সকালে ঘটনাটি ঘটায় প্রায় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে তাঁরা ছিটকে পড়েন। অনেকের মাথা ফেটেছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। ঘটনায় যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
জানা যাচ্ছে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পিছনে ধাক্কা মারে বাসটি। বিকট শব্দ শুনে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধারকার্য শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশে। আসে অ্যাম্বুল্যান্স। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তারা সেখানেই চিকিৎসাধীন। কয়েকজনে আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। কী করে দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অতিরিক্ত গতি, নাকি ঘুমিয়ে পড়েছিলেন চালক, নাকি শীতের শুরুতে ভোর নাগাদ দৃশ্যমানতা তুলনামূলক কম থাকায় দুর্ঘটনা। সব দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা।