Hashtagintro

বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ার জন্য! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ

ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর পরিবর্ত হিসাবে ভারত ‘এ’ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে থাকা জম্মু-কাশ্মীরের জোরে বোলার আকিব নবিকে দলে ডাকা হতে পারে। যদিও এখনও সরকারি ঘোষণা করেনি বিসিসিআই।

কিছুদিন ধরেই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন প্রসিদ্ধ। মনে করা হয়েছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজে খেলতে পারবেন তিনি। কিন্তু প্রত্যাশামতো উন্নতি হয়নি তাঁর চোটের। ফলে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় শিবির। আসলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে কিউয়িদের বিরুদ্ধে আসন্ন দু’টি টেস্টই জিততে হবে শুভমান গিলদের। সেই কারণে টেস্ট সিরিজে প্রসিদ্ধকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাওয়াই এখন বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

প্রসিদ্ধ এই মুহূর্তে রয়েছেন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। ১ নভেম্বর তাঁর সিমুলেশন পরীক্ষা হওয়ার কথা। প্রস্তুতি ম্যাচে তাঁকে খেলিয়ে দেখা হবে ধকল নেওয়ার মতো অবস্থায় তিনি রয়েছেন কি না। ২ নভেম্বর ফিটনেস পরীক্ষা দিতে হবে তাঁকে। দুই পরীক্ষার ফল সন্তোষজনক হলে তবেই বোর্ডের চিকিৎসকেরা খেলার অনুমতি দেবেন প্রসিদ্ধকে। বোর্ডের এক কর্তার কথায়, “জাতীয় নির্বাচক এবং জাতীয় দলের কোচিং স্টাফেরা টেস্ট সিরিজের জন্য ওকে সম্পূর্ণ ফিট অবস্থায় দেখতে চান। ওয়ানডে সিরিজের তুলনায় টেস্ট সিরিজে ওকে বেশি প্রয়োজন।” সেই কারণেই ওয়ানডে সিরিজের জন্য প্রসিদ্ধকে নিউজিল্যান্ডে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে সরাসরি টেস্ট সিরিজে যোগ দেবেন তিনি।

প্রসিদ্ধের পরিবর্ত হিসাবে আলোচনায় উঠে এসেছে আকিব নবির নাম। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে তাঁর বোলিংয়ে খুশি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা-সহ সংশ্লিষ্ট কর্তারা। ভারত ‘এ’ দল এখনও নিউজিল্যান্ডে রয়েছে। সেখান থেকেই আকিবকে ওয়ানডে দলের সঙ্গে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। বোর্ড সূত্রে খবর, আকিবের নাম কর্তাদের কাছে সুপারিশ করেছেন ওঝা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ভারত ‘এ’ দলে একাধিক জোরে বোলার থাকায় বিকল্পগুলি নিয়েও আলোচনা চলছে। সরকারি ঘোষণা না হলেও প্রসিদ্ধের পরিবর্ত হিসাবে ওয়ানডে দলে সুযোগ পাওয়ার দৌড়ে আপাতত এগিয়ে আকিবই।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language