Hashtagintro

‘ভদ্রতা দুর্বলতা নয়’, অরাজকতা করলে জেলে যেতে হবে, কড়া বার্তা শমীকের

বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর বারবার প্রতিহিংসার রাজনীতির বিরোধিতা করেছেন শমীক ভট্টাচার্য। আগের শাসকদলের পার্টি অফিস ভাঙচুর থেকে একাধিক অভিযোগে বিজেপি কর্মীদের একাংশকে সাসপেন্ডও করেছেন। এরপরই সোশাল মিডিয়ায় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে গৌতম বুদ্ধর সঙ্গে তুলনা করে মিম করা হয়েছিল। তারই এবার জবাব দিলেন শমীক। কর্মীদের কেন সংযত রাখতে হয়েছে সেই ব্যাখ্যাও দিলেন শুক্রবার বাগুইআটিতে দলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে।

শমীক বলেন, “লুঠেরাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ভোট দিয়েছেন। যেদিন আমরা নির্বাচনে জিতি, সেদিন সকালে প্রধানমন্ত্রী আমাকে ফোন করে পরিষ্কার বলেছিলেন, প্রতিহিংসার রাজনীতি, বিভাজনের রাজনীতি চলবে না। আমরা কোনও প্রতিহিংসার রাজনীতি করিনি। আমি বারবার সকলকে সংযত করার চেষ্টা করেছি। প্রতিদানে সোশাল মিডিয়ায় আমাকে গৌতম বুদ্ধ বানিয়ে দেওয়া হয়েছে। আমরা যুদ্ধ নয়, বুদ্ধের বাণী-ই প্রচার করছি।” যদিও একই সঙ্গে শমীকের বার্তা, “কিন্তু এর অর্থ এই নয় যে সিংহ স্থবির বলে কেউ কাউকে পদাঘাত করবে, আমাদের ভদ্রতাকে আমাদের দুর্বলতা মনে করবে, এটা হতে দেওয়া উচিত নয়। যে যেখানে, যে ভাবে অত্যাচারিত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ান।”

পাশাপাশি দলে যে অরাজকতা চলবে না, সেই বার্তাও এদিন দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে বলেন, “পার্টিকে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য করবেন না। এই অরাজকতা চলতে দেওয়া যাবে না। চিহ্নিত করুন। যাঁরা পার্টির পতাকাকে, পার্টির রংকে কলঙ্কিত করতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে থানায় এফআইআর করুন। পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন। আমাকে কাগজ দেবেন, আমি তাঁদের ঢুকিয়ে দেব।” হঠাৎ করে বিজেপি হওয়াদেরই এদিন এই বার্তা দিয়ে শমীকের হুঁশিয়ারি, “কিছু জন বাইরে গেরুয়া তিলক লাগিয়ে ঘুরছে। আপনাদের দায়িত্ব, সেই গেরুয়া তিলক মুছে দেওয়া। আর আমাদের দলের যাঁরা ওদের সঙ্গে নিয়ে ঘুরছেন, তাঁদের বলতে চাই জেলের দরজা খোলা আছে।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language