Hashtagintro

‘ভারতীয়রা শান্তিপ্রিয়’, ইউরোপের হিংসাত্মক বিক্ষোভ নিয়ে বার্লিনে বার্তা কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রীর

প্রবাসী ভারতীয়রা ‘শান্তিপ্রিয়’। সমস্ত দেশে ভারতীয়দের সাদরে গ্রহণ করা হয়। কারণ তাঁরা ভাঙচুর বা জনজীবনে বিঘ্ন ঘটানোর মতো কোনও কর্মকাণ্ডে কখনই লিপ্ত হন না। ফ্রান্স-সহ ইউরোপের একাধিক দেশে সহিংস বিক্ষোভের ঘটনায় ইঙ্গিতবাহী মন্তব্য করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।

বর্তমানে জার্মানিতে রয়েছেন পীযূষ গোয়েল। সোমবার সে দেশের রাজধানী বার্লিনে প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে বলেন, “সকলে জানে যে ভারতীয় জনগণ তথা ভারতীয় সম্প্রদায় শান্তিপ্রিয়। তাঁরা পরিবারের সঙ্গে বাস করেন, পরিবারের যত্ন নেন।” আরও বলেন, “একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এদেশে (জার্মানিতে) আপনি কতটা সমাদৃত। ভালো দিক হল, এখানে আপনাকে স্বাগত জানানো হয়। তারা (জার্মান প্রশাসন) জানে যে, আপনি ভাঙচুরের মতো কর্মকাণ্ডে লিপ্ত হন না। ইউরোপের অন্যান্য অংশে আমরা যেমনটা দেখছি—আপনারা (ভারতীয়রা) রাস্তায় নেমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না।”

উল্লেখ্য, মূল্যবৃদ্ধি, মজুরি এবং সরকারি পরিষেবা নিয়ে অসন্তুষ্টির প্রতিবাদে ফ্রান্স, স্পেন ও ইতালি-সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ বর্তমানে বিক্ষোভ আন্দোলনে উত্তাল। কোথাও কোথাও শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও, বহু ক্ষেত্রে তা সংঘর্ষ, লুটপাট ও ভাঙচুরের দিকে মোড় নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর জন্য প্রবাসী তথা শরণার্থীদের দায়ী করে বিবৃতি দিয়ে বিতর্ক উসকে দিয়েছেন। এমন অবস্থায় ভারতীয় অভিবাসীদের নিয়ে পালটা বার্তা দিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language