Hashtagintro

শিক্ষকতা ছেড়ে বিএসএফে, পান রাষ্ট্রসংঘের পুরস্কারও, জম্মুতে অস্বাভাবিক মৃত্যু নদিয়ার জওয়ানের

শিক্ষকতা ছেড়ে যোগ দিয়েছিলেন বিএসএফে (BSF)। আন্তর্জাতিক স্তরে নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন। মধ্য আফ্রিকার কঙ্গোয় রাষ্ট্রসঙ্ঘের মিশনে দায়িত্ব পালনকালে জঙ্গি হামলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। রাষ্ট্রসংঘ তাঁকে পুরস্কার দিয়েছিল। নদিয়ার (Nadia) শিবনিবাসের বাসিন্দা সেই জওয়ান অরুণাভ মুখোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু।

বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন। জম্মুর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার তাঁর দেহ কৃষ্ণগঞ্জের গ্রামের বাড়িতে পৌঁছয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়। বিএসএফের পক্ষ থেকে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। জওয়ানের বাড়িতে রয়েছেন স্ত্রী, আট বছরের পুত্র সন্তান ও বৃদ্ধ বাবা-মা।

জম্মুতে বিএসএফের ১৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ান হিসাবে কর্মরত ছিলেন অরুণাভ মুখোপাধ্যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাকে ফোন করার অস্যাভ ছিল অরুণাভর। সেই মতো বৃহস্পতিবারও মাকে ফোন করে প্রাতঃভ্রমণে যান তিনি। জানা গিয়েছে, জগিং করার সময় আচমকাই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। সহকর্মীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার দুপুরে কফিন বন্দি জাতীয় পতাকায় মোড়া দেহ শিবনিসারে বাড়িতে পৌঁছয়। আত্মীয় থেকে গ্রামবাসী ও পাশের গ্রামের বাসিন্দারা শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। শিবনিবাস মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শ্মশান চত্বরে ওঠে ভারত মাতার জয়ধ্বনি। অরুণাভের দেহের উপর রাখা জাতীয় পতাকাটি বাহিনীর পক্ষ থেকে তাঁর আট বছরের ছেলের হাতে তুলে দেওয়া হয়।

অরুণাভের কাকা জয়ন্ত মুখোপাধ্যায় বলেন, “মায়ের প্রতি খুব ভক্তি ছিল। দেশের প্রতি টান ছিল মারাত্মক। ওঁর এভাবে চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।” স্থানীয় বাসিন্দা অনির্বাণ শুকুল বলেন, “অরুণাভ আমাদের এলাকার সম্পদ ছিলেন। আমরা একজন ভালো মানুষকে হারালাম।” মৃত জওয়ানের বাল্যবন্ধু সোমনাথ ঘোষ বলেন, “আমাদের এলাকায় ওঁর দ্বারা উপকৃত হননি, এমন মানুষের সংখ্যা খুবই কম। অকালপ্রয়াণে পরিবার যেমন ক্ষতিগ্রস্ত হল, তেমনই ক্ষতি হল এলাকার যুবসমাজেরও।”

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language