Hashtagintro

হুমকির মুখে ইজরায়েল! নির্বাচনের আগে তেল আভিভে পরিমাণু বিস্ফোরণের AI ছবি পোস্ট নেতানিয়াহুর

দু’দিন বাদেই ইজরায়েলে নির্বাচন। তার আগে এআই প্রযুক্তির ব্যবহারে তৈরি একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যেখানে তেল আভিভে পরমাণু বোমা বিস্ফোরণের ভয়ংকর দৃশ্য তুলে ধরা হয়েছে। এইসঙ্গে লেখা হয়েছে, ইরানের হুমকির মুখে ‘অস্তিত্ব রক্ষার সংকট’ মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি দু’বছরকে ইজরায়েলের কাজে লাগানো উচিত। কার্যত নেতানিয়াহুর বার্তা, দেশরক্ষায় তাঁর মসনদে থাকা জরুরি। ইরানের বিরুদ্ধে ‘বন্ধু’ ট্রাম্পের সহযোগিতার বিষয়টিও খোলসা করা হয়েছে।

পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, পরমাণু বোমা বিস্ফোরণের পর ব্যাঙের ছাতার মতো বিরাট অগ্নিবলয়। খেলনার মতো ভেঙে পড়ছে শহরের বহুতলগুলি। এর সঙ্গে ইজরায়েলি লেখক ও রাজনৈতিক ভাষ্যকার ইউভাল ব্লুমবার্গের একটি বিবৃতি শেয়ার করেছেন নেতানিয়াহু। যেখানে বলা হয়েছে, “ইজরায়েল এক বাস্তব ও প্রত্যক্ষ অস্তিত্ব সংকটের মুখোমুখি। ইরান যদি পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়, তবে সবকিছু চিরতরে বদলে যাবে। ইরান ও শিয়া অক্ষের সৃষ্ট এই অস্তিত্ব সংকটের তুলনায় অন্য সবকিছুই অত্যন্ত নগণ্য।”

ভিডিও বিবৃতিতে আরও বলা হয়েছে, “ইরানের কাজ শেষ করার জন্য ট্রাম্পের আরও দুই বছর আমাদের হাতে রয়েছে। এরপর কে (ক্ষমতায়) আসবে বলা যায় না—তিনি কমলা হ্যারিস নাকি অন্য কোনও সাধারণ মানের ব্যক্তিত্ব। আগামী বছরগুলোতে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করতে এইটুকুই আমাদের হাতে সময় রয়েছে। রাষ্ট্রের সমস্ত প্রয়োজনীয় সম্পদ এই লক্ষ্যে বিনিয়োগ করতে হবে।”

প্রধানমন্ত্রীর এআই পোস্টের সমালোচনা করছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, প্রতিবারের মতোই নির্বাচনের আগে জনতার মনে ভয় ধরিয়ে ক্ষমতায় আসতে চাইছেন নেতানিয়াহু। ডেমোক্রাটিক দলের চেয়ারম্যান ইয়ার গোলেন সমাজমাধ্যমে এক পোস্টে লিখেছেন, “ইজরায়েলের প্রধানমন্ত্রী তেল আভিভের ওপর একটি পারমাণবিক বোমা বিস্ফোরণের ছবি প্রকাশ করেছেন। আমার অনুরোধ, তাঁকে যেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখা হয়। তিনি এবং তাঁর আশপাশের লোকজন পুরোপুরি ভারসাম্য হারিয়ে ফেলেছেন। চাপ ক্রমশ বাড়ছে।”

কটাক্ষের সুরে গোলেন আরও বলেন, “নেতানিয়াহুর পক্ষ থেকে আরও একটি ভীতি ছড়ানোর ছবি। আপনি পুরোপুরি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। প্রতিবারের মতোই নির্বাচনী প্রচার করছেন। এবারও সেই একই মিথ্যাচার ও ভীতি ছড়ানোর কৌশল অবলম্বন করা হচ্ছে।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language