কালীপুজো কাটতেই হিমের পরশ পেতে শুরু করল বাংলা। সর্বোচ্চ তাপমাত্রার পারদ ইতিমধ্যেই নামতে শুরু করেছে। আগামী কয়েক দিনে সেই তাপমাত্রা আরও নামতে পারে। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেটির জেরে ফের নতুন করে বাংলায় দুর্যোগ দেখা যাবে কি? সেই চর্চাও শুরু হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতেই হাওয়া অফিস জানিয়েছিল, তাপমাত্রার পারদ নামবে দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী কয়েক দিনে সেই পারদের পতন আরও হবে, এবার সেই কথা জানানো হল। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ, শনিবার থেকেই তাপমাত্রা কমবে। শনি থেকে মঙ্গলবার পর্যন্ত মোট ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াল তাপমাত্রা নামতে পারে।
বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে শীতের আমেজ ভালোই বোঝা যাবে। আগামী কাল, রবিবার সকাল থেকেই পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে শীতের অনুভূতি দেখা যাবে। কলকাতা ও গাঙ্গেয়বঙ্গেও রাতে হালকা শীতের অনুভব পাওয়া যাবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নামবে। আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার পারদ নামবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে।
তাপমাত্রা নামছে বাংলায়, শীতের পথে কাঁটা হবে বঙ্গোপসাগরের দুর্যোগ? ইতিমধ্যে সেই চর্চাও শুরু হচ্ছে ওয়াকিবহাল মহলে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ হচ্ছে বলে খবর। সেটি আগামী কয়েক দিনে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। আরও একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও থাকছে। তেমন হলে সেটি অভিমুখ কোন দিকে হবে? সেই ছবি এখনও পরিষ্কার নয় বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে আগামী সপ্তাহের বুধবার থেকে দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় বৃষ্টির আশঙ্কা থাকছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূল এলাকা ছাড়াও গাঙ্গেয় বঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে।
মেঘলা আবহাওয়া ও বৃষ্টিতে পারদের পতনে সাময়িক বাধা পেতে পারে। তেমন আশঙ্কাও করা হচ্ছে। দুর্যোগ কাটলে মেঘমুক্ত আকাশ থাকলে বাংলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন পারদের পতন হবে। অর্থাৎ, নভেম্বরের তৃতীয় সপ্তাহের শেষ থেকেই তাপমাত্রা আরও নামবে। এমনিই মনে করা হচ্ছে।
