কালীপুজোর বিসর্জনে বিবাদ। তার জেরে ‘খুন’ হয়ে গেল এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সদর থানা এলাকায়। মৃত যুবকের নাম আদিত্য ভকত। ঘটনায় ৩ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। শনিবার সকালে ঘটনাস্থলে যান এলাকার বিধায়ক নীলাদ্রি দানা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া সদর থানার লোকপুর পাড়ার গতকাল, শুক্রবার রাতে কালীপুজোর বিসর্জন ছিল। সেই বিসর্জন চলাকালীন দুই দলের মধ্যে ঝামেলা হয়েছিল। ওই এলাকারই বাসিন্দা আদিত্য ভকত বিবাদে জড়িয়ে পড়েছিলেন। প্রথমে সেই বিবাদ মিটিয়ে দেওয়া হয়। যদিও পরে ফের বচসা শুরু হয়। বিসজর্নের পরে ওই যুবককে ঘিরে ধরে হামলা চালানো হয় বলে অভিযোগ।
ধারালো অস্ত্র দিয়ে শরীরের একাধিক জায়গায় কোপ মারা হয়। মাথার পিছনেও ভারী কিছু দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই যুবক। খবর দেওয়া হয় পুলিশে। জখমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ঘটনায় শনিবার সকাল পর্যন্ত ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর কারা ঘটনায় জড়িত, পুলিশ খতিয়ে দেখছে।
জানা গিয়েছে, বন্ধুর আমন্ত্রণে গতকাল বিসর্জন শোভাযাত্রায় যোগ দিতে গিয়েছিলেন ২৮ বছরের আদিত্য ভকত। কোনও কারণে বিবাদের জড়ালে জনা দশেক যুবক তাঁকে দফায় দফায় তাড়া করে মারধর করে। লোকপুরের ভক্তপাড়ার বাসিন্দা আদিত্য। বাবা নিতাই ভক্ত। কয়েক মাস আগে নদিয়ার কল্যাণীতে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর সেখানেই থাকতে শুরু করেন। কালীপুজো উপলক্ষে বাড়িতে এসেছিলেন। এলাকার বন্ধু দেবজ্যোতি দাসের আমন্ত্রণে বিসর্জনের শোভাযাত্রায় যোগ দিতে গিয়েছিলেন। ফুটবল খেলোয়াড় হিসেবেও এলাকায় পরিচিতি ছিল তাঁর।
ঘটনায় সুরাজ রোসা নামে এক যুবক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। সুরাজের বাড়ি লোকপুর মোড়ে। মহাবীর ক্লাবের সম্পাদক সন্দীপ ভকত এবং এলাকার ওয়ার্ড সভাপতি বিজেপির রোহিত ভকত বলছেন, “আমাদের ক্লাবের সদস্যকে এভাবে নৃশংস ভাবে খুন করা হয়েছে, মানা যায় না। ঘটনার পিছনে কী কারণ, হামলায় কারা জড়িত এবং কোনও পুরনো বিবাদ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আদিত্যর মৃত্যুকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।”
