“আট বছর আরএসএস করেছি। ওদের অফিসেও বসতাম। ওদের অনেক নেতার সঙ্গেও যোগাযোগ রয়েছে। ওই সংস্কৃতি আমার ভিতরে রয়েছে।” গেরুয়া শিবিরে নাম লেখানোর পথ মসৃণ করতে অদ্ভুত দাবি ইংলিশবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরির। তাঁকে ‘দস্যু রত্নাকর’-এর সঙ্গে তুলনা করে কটাক্ষ বিজেপির।
সম্প্রতি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন কৃষ্ণেন্দুবাবু। ইংলিশবাজার পুরসভার ১১ জন কাউন্সিলর নিজেদের নির্দল ঘোষণা করেছে। ইতিমধ্যে তাঁদের সমর্থনে চেয়ারম্যান হয়েছেন বিজেপি বিধায়ক তথা কাউন্সিলর অম্লান ভাদুড়ি। চার নির্দল কাউন্সিলর বর্তমান বোর্ডে বিজেপি কাউন্সিলরদের সঙ্গে হাত মিলিয়ে সিআইসির দায়িত্ব নিয়েছেন। ওই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কৃষ্ণেন্দুবাবু ও তাঁর অনুগামীদের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে? উত্তরে কৃষ্ণেন্দু বলেন, “রাজনীতি আমার নেশা। সব দলের সঙ্গে আমার সম্পর্ক ভালো। সামনের পুরভোটে। পরিস্থিতি বুঝে দাঁড়াব কি দাঁড়াব না সিদ্ধান্ত নেব। কংগ্রেস হোক বা বিজেপি, এখনও কোনও দল থেকে ডাক পাইনি। আমিও কাউকে প্রস্তাব দিইনি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব।”
তাঁর দাবি, “ছোটবেলা থেকে আরএসএস করেছি। আট বছর যুক্ত ছিলাম আরএসএস-এর সঙ্গে। ওদের অফিসেও বসতাম। ওই সংস্কৃতি আমার ভিতরে রয়েছে। এখনও আরএসএস-এর নেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে।” যদিও বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “উনি আরএসএস করতেন কি না জানি না। সেটা উনি বলতে পারবেন। তবে যোগদান বা যোগদানের প্রস্তাব নিয়ে কোনও আলোচনা বা কথা হয়নি।” ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্যের মুখ্যসচেতক অম্লান ভাদুড়ি বলেন, “আমার যবে থেকে জ্ঞান হয়েছে কোনদিনও তাঁকে আরএসএস, সংঘ বা বিজেপির সঙ্গে যুক্ত থাকতে দেখিনি। ‘দস্যু রত্নাকর’ বাল্মীকি হয়েছিলেন।”
