সোশাল মিডিয়ায় প্রায়ই ছড়িয়ে পড়ে তারকাদের অশ্লীল, বিকৃত ছবি। এবার পরিস্থিতির শিকার শত্রুঘ্নকন্যা সোনাক্ষী সিনহা। সমাজমাধ্যমে আপত্তিকর ছবি ভাইরাল হতেই পুলিশের দ্বারস্থ হয়েছেন ‘দাবাং গার্ল’ সোনাক্ষী। অভিযোগ, বিকৃত নগ্ন ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে তাঁর ইমেজ নষ্ট করা হচ্ছে। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছিলেন সোনাক্ষী। তাঁর অভিযোগের ভিত্তিতে একেবারে আদাজল খেয়ে তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যেই দিল্লি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তকে মুম্বইয়ের আদালতে পেশ করার পরই মামলায় আসে চাঞ্চল্যকর মোড়।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোনাক্ষী সিনহা বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিনেত্রীর দাবি, দিল্লির এক বাসিন্দা তাঁর ভুয়ো ও বিকৃত নগ্ন ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম দীপক জৈন। শনিবার সকালে দিল্লির শাহদরা এলাকার জগৎপুরি থানা সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় মুম্বইয়ে। মুম্বই পুলিশ অভিযুক্তকে বান্দ্রা আদালতে পেশ করে তিন দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়।

পুলিশের দাবি, সোনাক্ষীর ভুয়ো ছবি তৈরির কাজে যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়েছিল, সেটি উদ্ধার করতে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তবে পুলিশের সেই আবেদন খারিজ করে দেয় আদালত। বরং গ্রেফতারি এবং দিল্লি থেকে মুম্বইয়ে নিয়ে আসার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে জানিয়ে অভিযুক্তকে মুক্তির নির্দেশ দেয় আদালত। শুনানির সময় পুলিশের হেফাজতের আবেদনের বিরোধিতা করেন অভিযুক্তের আইনজীবীরা।
তাঁদের দাবি, গ্রেপ্তারের আগে পুলিশ কোনও নোটিস দেয়নি। এমনকি কী কারণে তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে, তাও স্পষ্ট করে জানানো হয়নি। আইনজীবীদের বক্তব্য, দিল্লি থেকে মুম্বইয়ে নিয়ে আসার আগে অভিযুক্তকে দিল্লির নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনেও পেশ করা হয়নি। প্রতিরক্ষা পক্ষের অভিযোগ, ঘটনায় একজন তারকার নাম জড়িত থাকায় পুলিশ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছে। অভিযুক্তও আদালতে দাবি করেন, তিনি কোনও অন্যায় করেননি এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা।

আদালতের যুক্তি, অভিযুক্তকে দিল্লি থেকে সরাসরি বান্দ্রা আদালতে নিয়ে আসা হয়েছে। অথচ নিয়ম অনুযায়ী, তাঁকে প্রথমে দিল্লির নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা উচিত। আদালতের পর্যবেক্ষণ, শুধু তদন্তের স্বার্থে কোনও ব্যক্তিকে গ্রেপ্তার করে হেফাজতে রাখা যায় না। তাই এধরনের গ্রেপ্তারিতে বেআইনি দাবি করে অভিযুক্তকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
