আগেই নবান্নের ধাঁচে সল্টলেকে রাজ্য শিক্ষা দপ্তরের সদর দপ্তর বিকাশ ভবনের নামফলকের রং নীল-সাদা থেকে বদলে গেরুয়া করা হয়েছিল। এবার সেই একই পরিবর্তনের ছোঁয়া লাগল রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের অন্যতম গুরুত্বপূর্ণ অনলাইন মাধ্যম ‘বাংলার শিক্ষা’ স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালেও।
পোর্টালটির নতুন ইন্টারফেসে দেখা যাচ্ছে, উপরের মূল ব্যানার, ‘সাইন ইন’ বোতাম এবং পেজের বর্ডার থেকে পুরনো নীল রং সরিয়ে সেখানে গেরুয়া বা কমলা রং ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির শিক্ষক, প্রধান শিক্ষক এবং প্রশাসনিক আধিকারিকরা এই পোর্টালের মাধ্যমেই পড়ুয়াদের নম্বর নথিভুক্ত করা থেকে শুরু করে দৈনন্দিন যাবতীয় প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করেন। পালাবদলের পর বিভিন্ন প্রশাসনিক জায়গায় রঙের পরিবর্তন নজরে আসছিল। এবার পোর্টালের রং-ও পরিবর্তন করা হল।
এর আগে সরকারি স্কুলের খাতা এবং স্কুলপোশাকের ক্ষেত্রেও দীর্ঘদিনের নীল-সাদা রঙের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বর্তমান প্রশাসন। সরকারি ভবনের নামফলক ও স্কুল সামগ্রীর পর এবার সরাসরি শিক্ষা দপ্তরের ডিজিটাল পোর্টালেও এই রঙের পরিবর্তন ঘিরে শিক্ষামহল ও রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। এর আগে নবান্ন, বিকাশ ভবন, একাধিক সরকারি হাসপাতাল-সহ বিভিন্ন প্রশাসনিক ভবনের নামের ফলকের রং পরিবর্তন করা হয়েছে। এবার সেই পরিবর্তনের ধারা অব্যাহত থাকল সরকারি পোর্টালের ক্ষেত্রেও।
