পলতা থেকে জল আসার টালার ৭২ ইঞ্চি ব্যাসার্ধের মূল লোহার পাইপ মেরামত নিয়ে এবার শীর্ষ ইঞ্জিনিয়রদের নিয়ে পাঁচ বিশেষজ্ঞের কমিটি গড়ল কলকাতা পুরসভা। কমিটিতে রয়েছেন পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের দুই প্রাক্তন ডিজি বিভাস মাইতি ও মৈনাক মুখোপাধ্যায় ছাড়াও বর্তমান ডিজি রিহান সান্যাল, যাদবপুরের বিশেষজ্ঞ অধ্যাপক গোকুল মন্ডল এবং স্পেশাল কমিশনার সৌম্য ভট্টাচার্য। পুরকমিশনার স্মিতা পান্ডে উদ্যোগ নিয়ে এই বিশেষজ্ঞ কমিটি গড়েছেন।
পূর্ব রেলের সঙ্গে যৌথ আলোচনা শেষে পাইপ লাইন মেরামতের অনুমতি পাওয়ার পরই বৃহস্পতিবারই বিকেলেই এই পাঁচ সদস্যের কমিটি জরুরি বৈঠকে বসে। সিদ্ধান্ত হয়েছে, শনিবার থেকে ফেটে যাওয়ার জেরে বন্ধ থাকা ব্রিটিশ আমলের ওই ৭২ ইঞ্চি পাইপ মেরামতের কাজ শুরু হবে। আপাতত রেললাইনের নিচে থাকা ওই অংশ বন্ধ রেখে ৪৮ ইঞ্চি ব্যাসার্ধের বাইপাস পাইপ দিয়ে জল সরবরাহ করা হচ্ছে। কিন্তু এই বিকল্প ব্যবস্থায় উত্তর কলকাতার কিছু ওয়ার্ডে পানীয় সরবরাহে জলের যোগান পর্যাপ্ত হচ্ছে না বলে অভিযোগ।
উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখ টালার জল সরবরাহকারী পাইপ ফেটে বড় বিপর্যয় হয় উত্তর কলকাতায়। জোড়াতালি দিয়ে চারদিনে টালা থেকে উত্তর ও মধ্য কলকাতায় জল সরবরাহ চালু হলেও ১০৭ বছরের পুরাতন মূল পাইপ নিয়ে চিন্তায় ছিল কলকাতা পুরসভা। বিভাগীয় শীর্ষ ইঞ্জিনিয়ারদের মূল চিন্তার বিষয়, ব্রিটিশ আমলের এই বিশাল পুরাতনী পরিকাঠামো কীভাবে সংস্কার ও বদল করা হবে? কীভাবে মহানগরের অলি-গলি জুড়ে মাকড়সার জালের মতো সুক্ষ্ম অথচ বিস্তৃত পাইপলাইন খুঁজে বের করা হবে তা নিয়ে চিন্তিত পুর ইঞ্জিনিয়াররা। কারণ, বড় পাইপগুলির কিছুটা ডিজিটাল মানচিত্র থাকলেও পাড়ায় পাড়ায় ছড়িয়ে থাকা অজস্র লাইনের তথ্য অধিকাংশই অজানা। অধিকাংশ কাউন্সিলর ভোটের কথা মাথায় রেখে নানা গলিতে বহু লাইন বসিয়ে দিয়েছেন। এর সঙ্গে রয়েছে বহু বছর ধরে রক্ষণাবেক্ষণ না করা উত্তর ও মধ্য কলকাতার শতাব্দী প্রাচীন জলের পাইপ লাইন জরাজীর্ণ দশা। এবার বিশেষজ্ঞ কমিটির তত্ত্বাবধানে শতাব্দী প্রাচীন টালার পাইপের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির কাজ শুরু হবে শনিবার থেকেই।
