জ্বলছে বাংলাদেশ। হাসিনার প্রত্যবর্তনের আগে অগ্নিগর্ভ সেদেশের বহু স্থান। গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৭৪টি বাস ও অন্যান্য গাড়িতে আগুন লাগার কথা জানা গিয়েছে। ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনটি থানায় আগুন লাগানো হয়েছে। এমনকী পুলিশের ১৮টি গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দেখা গেল উলটো ছবিও। ‘নিষিদ্ধ’ আওয়ামি লিগের ১৫ জন নেতার বাড়ি–প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
এর মধ্যে পটুয়াখালির জেলা সভাপতি কাজি আলমগিরের বাড়িতে আগুন লাগানোর পাশাপাশি ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম ও ফেনিতে আওয়ামি লিগের বহু নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কারা এসব ঘটনায় জড়িত, সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।
পটুয়াখালিতে বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত শহর ও আশপাশের এলাকায় আওয়ামি লিগ ও তার সহযোগী সংগঠনের ন’জন নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিক্ষেপ করা হয়েছে পেট্রলবোমাও। আওয়ামি লিগের সদর থানা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরীর বাড়িতেও হামলা ও ভাঙচুর করা হয়। বেলা ১১টা নাগাদ তাঁর বাড়ি সংলগ্ন একটি হোটেল বন্ধ করে দেওয়া হয়। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে গতকাল রাতে প্রাক্তন মেয়র ওআওয়ামি লিগের নেতা আবদুস ছাত্তার এবং উপজেলা কমিটির সদস্য সামি উসমান গণির দুটি মার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম নগর শাখার সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরীর বাড়িতেও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এমন আরও নানা হামলার কথা জানা যাচ্ছে।
এহেন পরিস্থিতিতে বাস ভাঙচুরের ভয়ে পদ্মা সেতুতে চার জেলার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় বৃষ্টিতে ভিজে বিকল্প পথে যাতায়াত করেছেন অনেকেই। খুলনা থেকে ঢাকাগামী বাসের চলাচলও বন্ধ রেখেছেন বাস মালিকেরা। আজ, বৃহস্পতিবার দিনভর পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকাগামী কোনও বাস চলাচল করেনি। অধিকাংশ বাস কাউন্টারও বন্ধ।
