নারীদের ডায়েটে প্রোটিন অত্যন্ত জরুরি। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা অত্যন্ত আবশ্যক। কিন্তু অনেক সময়ই তা যথেষ্ট পরিমাণে খাওয়া হয় না। বিশেষ করে নিরামিষ খাবারে প্রোটিনের ঘাটতি দেখা যায়। এই নিয়ে সম্প্রতি সোশাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেত্রী সোহা আলি খান। ৪৮ বছর বয়সি এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি নিজের ডায়েটে সচেতনভাবে প্রোটিন বাড়ানোর চেষ্টা করেন। আর তা করতে গিয়ে তিনি শেয়ার করেছেন প্রোটিন মাচা প্রি-ওয়ার্কআউট পানীয়ের রেসিপি। এই পানীয় শুধু যে প্রোটিনের চাহিদা মেটাবে তা নয়, একই সঙ্গে যাঁরা নিরামিষাশী তাঁরাও নিয়মিত সেবনে সুস্থ থাকবেন।
কেন জরুরি প্রোটিন ও মাচা?
নারীদের পেশির জোর ও গঠন ধরে রাখতে প্রোটিন অপরিহার্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, বিশেষত ৩০ পেরোলে বা পেরিমেনোপজ ও মেনোপজের সময় নারীদের পেশি ক্ষয়ের প্রবণতা বাড়ে। তখন মেটাবলিজম, চুল, ত্বক, রোগ-প্রতিরোধ ক্ষমতা ও হরমোনের ভারসাম্যে প্রোটিনের ভূমিকা আরও বড় হয়ে ওঠে। রুটি, ভাত, পোহা বা দোসার মতো নিরামিষ খাবারে কার্বোহাইড্রেট বেশি থাকে। তাই ডাল, দই, পনির, ছানা, বাদাম বা প্রোটিন পাউডারের মতো উপাদান দৈনন্দিন আহারে যোগ করা দরকার। এই পানীয়ে প্রোটিন যোগ হওয়ায় এটি খালি মাচার চেয়ে বেশি পেট ভরায়। পেশি রক্ষাতেও সাহায্য করে।

অন্যদিকে, মাচা হল গুঁড়ো গ্রিন টি। এতে ক্যাফেইন, এল-থিয়ানিন ও অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে ক্যাটেচিন বা পলিফেনল থাকে। ক্যাফেইন ও এল-থিয়ানিনের যুগলবন্দি আমাদের মনোযোগ ও সজাগ ভাব বাড়াতে সাহায্য করে। ব্রেনকে সক্রিয় করে তোলে। মাচা কোনও ডিটক্স, চর্বি কমানোর বা বয়স ধরে রাখার পানীয় নয়। বরং এখানে মাচার চেয়ে প্রোটিনই পুষ্টির লক্ষ্যপূরণে বেশি কাজ করে।
দুই মিনিটে কীভাবে বানাবেন?
উপকরণ: এই পানীয় তৈরি করতে লাগবে ১ চা চামচ মাচা, ১ স্কুপ প্রোটিন পাউডার, ঠান্ডা জল, সামান্য আমন্ড বা কোকোনাট মিল্ক এবং বরফের কুচি। স্বাদ বাড়াতে ভ্যানিলা এসেন্স ও স্টিভিয়া দেওয়া যেতে পারে।
রন্ধন প্রণালী: প্রথমে সামান্য ঠান্ডা জলে মাচা ভালো করে ফেটিয়ে মসৃণ করতে হবে। এর পর প্রোটিন পাউডার ও আরও একটু জল মিশিয়ে ফেনিয়ে নিতে হবে। শেষে বাকি জল, দুধ ও বরফ মিশিয়ে আরও একবার ফেনিয়ে নিলেই তৈরি পানীয়। সোহার কথায়, তিনি আগে মাচার স্বাদ একেবারেই পছন্দ করতেন না। কিন্তু চকোলেট প্রোটিন পাউডার, ভ্যানিলা ও স্টিভিয়া মেশানোর পর পানীয়টি তাঁর প্রিয় হয়ে উঠেছে।
View this post on Instagram
কারা সতর্ক থাকবেন?
মাচায় ক্যাফেইন থাকায় সারাদিনের ক্যাফেইন গ্রহণের হিসাব রাখা জরুরি। যাঁদের ক্যাফেইনে সংবেদনশীলতা, অ্যাসিডিটি, উদ্বেগ বা ঘুমের সমস্যা রয়েছে, তাঁদের সতর্ক থাকতে হবে। সন্ধের দিকে বা রাতে এটি না খাওয়াই ভালো। ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। গর্ভবতী, স্তন্যদানকারী মা এবং যাঁদের শারীরিক সমস্যা বা নিয়মিত ওষুধ চলছে, তাঁদের ক্যাফেইনের মাত্রা নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
