Hashtagintro

উত্তরপ্রদেশে অথৈ জলে ইন্ডি জোট! কংগ্রেসকে ২৬ আসনের ‘অফার’ দিয়ে একতরফা প্রার্থী ঘোষণা অখিলেশের

বিহারের পুনরাবৃত্তি হতে চলেছে উত্তরপ্রদেশে! কংগ্রেস এবং সমাজবাদী পার্টি দু’পক্ষই জোটে আগ্রহী। দুই শিবিরই প্রকাশ্যে বলছে জোটের ব্যাপারে তাঁরা আন্তরিক। অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রকাশ্যে মতের মিল হলেও মনের মিল হচ্ছে না দুই শিবিরের। সমাজবাদী পার্টির কাছে ১৮১ থেকে কমে ১৩০টি আসনের প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। তাতেও শেষ পর্যন্ত পাল্টা প্রস্তাব দেওয়া হল পাঁচ ভাগের একভাগ আসনে। কংগ্রেসকে ২৬টি আসনে লড়ার প্রস্তাব দিল সমাজবাদী পার্টি। শুধু তাই নয়, ওই নামমাত্র অফার দেওয়ার পর নিজেদের মতো করে পাঁচ আসনে প্রার্থীও ঘোষণা করে দিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তবে আগামিদিনে আরও আলোচনা হবে বলে জানানো হয়েছে দুই দলের শীর্ষ নেতৃত্বের তরফে।

সূত্রের দাবি, দুই দলের আলোচনায় গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পারফরম্যান্সই মূল অন্তরায় হয়ে দাঁড়িয়েছে শতাধিক আসনে লড়াইয়ের ক্ষেত্রে। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের মধ্যে ৩৯৯টি আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। সেবার সপা এবং কংগ্রেস আলাদা লড়াই করেছিল। যদিও কংগ্রেস জয়লাভ করেছিল মাত্র ২টিতে। ৩৯৯টি আসনে লড়াই করে মাত্র ২টিতে জয়লাভ করা দলকে বেশি আসন ছাড়ার ঝুঁকি নিতে নারাজ সমাজবাদী পার্টি। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে সপা-কংগ্রেস জোটে ১১৪টি আসনে লড়াই করে মাত্র ৭টি আসনে জিতেছিল কংগ্রেস। ২০২৪ লোকসভা নির্বাচনে সপা-র সঙ্গে জোট গড়ে ১৭টি আসনে লড়াই করে মাত্র ৬টিতে জিতেছে কংগ্রেস। তাদের এই পারফরম্যান্স এবং ২০২৬ বিধানসভা নির্বাচনে সম্ভাবনার তাালিকায় থাকা আসনগুলি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবে সপা। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সোম এবং মঙ্গলবার, দু’দিন দিল্লিতে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারির বাড়িতে বৈঠকে বসে উভয় দলের কমিটি। কংগ্রেসের তরফে প্রথম তালিকা থেকে কমিয়ে ১৩০টি আসনের তালিকা দেওয়া হয়। যদিও সমাজবাদী পার্টির তরফে সরাসরি ২৬টি আসনের প্রস্তাব দেওয়া হয়েছে। কংগ্রেসের তরফে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা আরাধনা মিশ্র বৈঠকের পর জানান, আজ প্রায় সাড়ে ৩ ঘণ্টা আলোচনা হয়েছে। তবে এখনও পর্যন্ত আলোচনা শেষ হয়নি। আগামিদিনে বিস্তারিতভাবে আরও আলোচনা হবে বলে জানান তিনি।

তবে সূত্রের খবর, উভয় কমিটির প্রাথমিক বৈঠকের পর এবার অখিলেশ যাদবের সঙ্গে কথা বলবেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। দুই দলের শীর্ষ নেতৃত্বের আলোচনার পর ফের সপা ও কংগ্রেসের কমিটির বৈঠক হবে। এদিন লখনউতে সপা নেতা অখিলেশ যাদব বলেছেন, জয় হাসিল করাই মূল লক্ষ্য। উভয় দলের তরফেই জয়ের সম্ভাবনা বিবেচনা করে আসন রফা চূড়ান্ত করা হবে। আজকের বৈঠকের পর পরবর্তী বৈঠকেও প্রতিটি আসন ধরে ধরে ফের আলোচনা হবে। ক্কিন্তু সূত্র বলছে, সমাজবাদী পার্টি চাইছে কংগ্রেসকে বাস্তবের আয়না দেখাতে। দল যে উত্তরপ্রদেশে ১০০ আসনে লড়ার জায়গায় নেই সেটা বুঝিয়ে দিতে। তাছাড়া কংগ্রেসকে যে সব আসন ছাড়তে চাইছে সমাজবাদী পার্টি সেগুলিও বিজেপির শক্ত ঘাঁটি। সপার এই আচরণে ক্ষুব্ধ কংগ্রেস। হাত শিবিরের সাংসদ ইমরান মাসুদ বলছেন, ‘আমরা আসন সমঝোতা করতে এসেছি। কারও কাছে ভিক্ষা চাইছি না।’

এসব নিয়ে বিতর্ক চলছিলই। এরই মধ্যে মুসলিম অধ্যুষিত পাঁচ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে সমাজবাদী পার্টি। তাৎপর্যপূর্ণভাবে ওই পাঁচ আসনের মধ্যে দু’টিতে দাবি ছিল কংগ্রেসের। জোট আলোচনার মধ্যে এভাবে প্রার্থী ঘোষণা করে দিলে হাত শিবির যে খুব একটা খুশি হবে না, সেটা বলার অপেক্ষা রাখা না। সার্বিকভাবে উত্তরপ্রদেশে ইন্ডি জোট অথৈ জলে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language