প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিগত তিন দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেদুনিয়ায় অক্লান্তভাবে কাজ করে চলেছেন। ভালোবেসে দর্শক, অনুরাগীমহল যাঁকে ‘ইন্ডাস্ট্রি’র খেতাব দিয়েছে। একটা সময়ে একার দাপটে বাংলা সিনেজগতের বক্স অফিস চাঙ্গা রেখেছেন। তবে ব্যক্তিগতজীবন নিয়ে কোনওদিনই খুব একটা মুখ খোলেন না অভিনেতা। এবার স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে নিয়ে বড় স্বীকারোক্তি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।
বিগত বছরগুলিতে তাঁদের দাম্পত্য সমীকরণ নিয়ে কম গুঞ্জন চাউড় হয়নি। তবে এহেন গুঞ্জনের মাঝেও বৈবাহিক সম্পর্ক আগলে রেখেছেন অর্পিতা-প্রসেনজিৎ।
তিনবার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন অভিনেতা। প্রথম স্ত্রী দেবশ্রী রায় এবং দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতা। কিন্তু দুই দাম্পত্যই খুব বেশিদিন স্থায়ী হয়নি। এরপর ২০০২ সালে অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন প্রসেনজিৎ। গত দু’দশকের সংসার। বিগত বছরগুলিতে তাঁদের দাম্পত্য সমীকরণ নিয়ে কম গুঞ্জন চাউড় হয়নি। তবে এহেন গুঞ্জনের মাঝেও বৈবাহিক সম্পর্ক আগলে রেখেছেন অর্পিতা-প্রসেনজিৎ। ছেলে মিশুককে ঘিরেই তাঁদের জগৎ। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অর্পিতার সঙ্গে দাম্পত্য সমীকরণ নিয়ে মুখ খোলেন ‘ইন্ডাস্ট্রি’।
“অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনও যায়নি! ও আমাকে সহ্য করেছে। অর্পিতাকে আমি ভালোবাসি এবং ভীষণ সম্মান করি।…”
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মন্তব্য, “অর্পিতা চট্টোপাধ্যায়, মানে আমার স্ত্রী— ওকে সম্মান করি একটা জায়গায় যে, ও সহ্য করে এতদিন আমার সঙ্গে রয়ে গেছে। কারণ অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনও যায়নি! ও আমাকে সহ্য করেছে। অর্পিতাকে আমি ভালোবাসি এবং ভীষণ সম্মান করি। আর ও খুব ভালো একজন অভিনেত্রীও বটে।” অভিনেতার এহেন মন্তব্যই এখন নেটভুবনে চর্চার শিরোনামে।