বয়স সব কথা বলে না! প্রমাণ করলেন ৯২ বছরের এক বৃদ্ধা। একটি বেসরকারি হাসপাতালের ৭ ফুট উঁচু লোহার গেট টপকালেন তিনি। যে কাজ একজন যুবার পক্ষেও খুব সহজ নয়, সেই কাণ্ড অনায়াসে করলেন নবতিপর ওই ‘তরুণী’। সম্প্রতি বিভিন্ন সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ। যা দেখে চমকে বিস্মিত নেটিজেনরা।
জানা গিয়েছে, পূর্ব চিনের ইয়ানতাই অঞ্চলের বাসিন্দা ওই বৃদ্ধা। অ্যালঝাইমার্সে আক্রান্ত তিনি। সেই কারণেই ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু হাসপাতালের পরিবেশ তাঁর মোটেই ভালো লাগছিল না। তাই মুক্তি পেতে গেট টপকে পালানোর পরিকল্পনা করেন। যদিও মূলদ্বারের লোহার গেটটি ৭ ফুট উঁচু। এরপরও নিরস্ত হননি ৯২ বছরের বৃদ্ধা। সবচেয়ে বড় কথা, ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কার্যত খেলার ছলে সাত ফুট উঁচু গেট টপকে যাচ্ছেন তিনি। বোঝার উপায় নেই যে মানুষটার শরীরের বয়স শতবর্ষ হতে চলেছে।
एक 92 वर्षीय चीनी महिला अपने नर्सिंग होम से भागने के लिए 7 फीट ऊँची बाड़ पर चढ़ गई https://t.co/4H6IFeJRXB
— Ashraf (@ASHRAFH58203689) November 15, 2026
বৃদ্ধার নিখোঁজ হওয়ার বিষয়টি জানাজানি হতেই টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। শুরু হয় তল্লাশি। বৃদ্ধার খোঁজে হাসপাতালের চারটি গাড়িকে চারদিকে পাঠানো হয়। শেষ পর্যন্ত প্রায় ২৫ মিনিট পর হাসপাতালের নিকটবর্তী একটি এলাকা থেকেই উদ্ধার করা হয় তাঁকে। এই ঘটনা গত বছরের হলেও ভিডিওটি ভাইরাল হয়েছে সম্প্রতি। লাইক-কমেন্টের বন্যা বইছে। নেটিজেনরা অবাক হয়েছেন। তাঁরা লিখছেন, ৯২ বছর বয়সেও শারীরিকভাবে এতখানি ফিট থাকা সম্ভব? যদিও বেসরকারি হাসপাতালটির পরিচালক জানান, বৃদ্ধার শৈশবের দিনগুলি পাহাড়ি ফলের বাগানে কাজ করে কেটেছে। সেই সুবাদেই উঁচুতে চড়ার সহজাত দক্ষতা রয়েছে নবতিপরের মধ্যে।
Source: Sangbad Pratidin Viral (Bengali)
