Hashtagintro

লাখপতি বউ চাই! ঘর সামলাবেন নিজেই, বিয়ের বিজ্ঞাপনে যুবকের আজব দাবি

সুরূপা, সুশিক্ষিতা, ঘরোয়া, বিনয়ী পাত্রী চাই! এমন বিজ্ঞাপন তো চোখে পড়ে অহরহ, যেখানে মূলত পাত্রী নির্বাচনে চাপানো হয় অজস্র শর্ত। উলটোটা হয় যদিও, তবে তুলনায় তা অনেক কম। মানে ঠিক কেমন পাত্র চাই, সেই শর্ত উল্লেখ করে বিজ্ঞাপন সচরাচর দেখা যায় না। যদি বা পাত্রীপক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকুরে বা উচ্চ আয়সম্পন্ন পাত্রের দাবি করেও থাকেন, ‘ঘরোয়া’ বিশেষণটি মোটেই কেউ চান না। কিন্তু আজকের সময় অন্য। লিঙ্গবৈষম্য অনেকটা ফিকে। পুরুষ, নারীর কাজের মধ্যে আর তেমন ফারাক নেই। যে কোনও কাজে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে সাফল্যের সঙ্গে দায়িত্ব সামলান নারীরাও। তাহলে বিয়ের বিজ্ঞাপনেই বা কেন গতে বাঁধা বয়ান থাকবে? সম্প্রতি এক যুবক সেই প্রথা ভাঙার কাজটি করলেও সামগ্রিকভাবে তাঁর বিজ্ঞাপনটি ঘিরে বেশ সমালোচনা হচ্ছে।

বিজ্ঞাপনে ওই যুবকের দাবি, পাত্রীকে লাখপতি হতে হবে অর্থাৎ মাস গেলে ১ লাখ টাকা আয় করতে হবে! বছরে ১২ লক্ষ আয় হল তাঁর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মূল শর্ত। এতে তো সমালোচনা হবেই। কোনও কোনও নেটিজেন সরাসরি প্রশ্ন তুলেছেন, ‘যদি পাত্র চাই বিজ্ঞাপনে কোনও মেয়ে বছরে ১২ লাখ টাকা আয় করেন, এমন জীবনসঙ্গী খুঁজতেন, তাহলে কি তা আপনি ভালোভাবে গ্রহণ করতেন?’

কী সেই বিজ্ঞাপন? নিজের বিয়ের জন্য ‘রেডিট’-এ বিজ্ঞাপন দিয়েছিলেন এক যুবক। তাতে লেখা, তিনি চাকরিরত পাত্রী চান। বাইরে কাজ করে সংসারের আর্থিক দায়িত্ব নেবেন পাত্রী আর তিনি নিজে হয়ে যাবেন গৃহকর্তা। ঘরের সমস্ত কাজকর্ম একা হাতে সামলাবেন ওই যুবক, যা সাধারণত বাড়ির মহিলারা করে থাকেন। এক্ষেত্রে সংসারে উলটপুরাণ। স্বামী সামলাবেন ঘর-সংসার আর বাইরে বেরিয়ে অর্থ উপার্জন করে আর্থিক দায়িত্ব নেবেন স্ত্রী। সঙ্গে নিজের চেহারা ও পরিবারের পরিচয়ও দিয়েছেন তিনি। ৬ ফুট উচ্চতার ফরসা যুবকের মা-বাবা দু’জনেই ছিলেন সরকারি চাকুরে, বর্তমানে তাঁরা পেনশেনভোগী। এ পর্যন্ত বিজ্ঞাপনটি বেশ আধুনিক এবং যাকে বলে বিপ্লব। কিন্তু গোল বাঁধল অন্যত্র। বিজ্ঞাপনে ওই যুবকের দাবি, পাত্রীকে লাখপতি হতে হবে অর্থাৎ মাস গেলে ১ লাখ টাকা আয় করতে হবে! বছরে ১২ লক্ষ আয় হল তাঁর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মূল শর্ত। এতে তো সমালোচনা হবেই।

কোনও কোনও নেটিজেন সরাসরি প্রশ্ন তুলেছেন, ‘যদি পাত্র চাই বিজ্ঞাপনে কোনও মেয়ে বছরে ১২ লাখ টাকা আয় করেন, এমন জীবনসঙ্গী খুঁজতেন, তাহলে কি তা আপনি ভালোভাবে গ্রহণ করতেন?’ কারও কারও আরও প্রশ্ন, ‘সংসার চালানোর ভার যদি স্ত্রীকে নিতে হয়, তাহলে স্বামী কি তাঁর বাড়ি গিয়ে থাকবেন অথবা নিজের পদবি বদলে স্ত্রীর পদবি গ্রহণ করবেন? কারণ, মেয়েদের বিয়ের পর তো এসব করতেই হয়।’ কেউ কেউ যুবককে সাবধান করে লিখেছেন, ‘ব্যাপারটা মোটেও সহজ নয়। সংসারের দায়িত্ব এখনও সমান দু’ভাগে ভাগ করা যায় না। এমনও দেখা যায়, পুরুষ কর্মহীন হলেও মেয়েদের মতো নিয়মিত ঘরদোর গুছিয়ে রাখা তাঁর দ্বারা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে অশান্তির আশঙ্কা প্রবল।’ তাই লাখপতি বউ হলেই যে সংসার নির্ঝঞ্ঝাট ও শান্তির হবে, তেমন গ্যারান্টি নেই।

Source: Sangbad Pratidin Viral (Bengali)

Read full article on Sangbad Pratidin Viral (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language