হিন্দি মেগা থেকে সিনেমা, অত্যন্ত পরিচিত মুখ অভিনেতা দীপক কাজির কেজরিওয়াল। ২৬ নভেম্বর, বৃহস্পতিবার মুম্বইয়ে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের দ্বারা আক্রান্ত বর্ষীয়ান বর্ষীয়ান অভিনেতা! অভিযোগ, সংগঠনেরই কয়েকজন সদস্য তাঁকে লাথি ও ঘুষি মারেন। এই ঘটনায় গুরুতর আহত অভিনেতা দীপক কাজির কেজরিওয়াল। জানা যাচ্ছে, দীপক কাজি সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের অফিসে গেলেও তাঁকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়। কেন তাঁকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না? প্রশ্ন তুলতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং শুরু হয় বচসা। এরপরই নাকি সংগঠনের কয়েকজন সদস্য তাঁর উপর চড়াও হন। তবে সংশ্লিষ্টি ইস্যুতে সম্পূর্ণ ভিন্ন বক্তব্য সামনে এনেছেন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ।
সংস্থার সভাপতি বিএন তিওয়ারির দাবি, দীপক কাজির প্রায়ই ডেইজি নামে এক মহিলার সঙ্গে সেখানে যেতেন। সকলের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিওয়ারি আরও জানান, অভিনেতা ক্যানসার আক্রান্ত হওয়ায় সাধারণত কেউ তাঁর সঙ্গে সংঘাতে জড়াতে চাইচেন না। ঘটনার সময় দীপক অজ্ঞান হয়ে গিয়েছিলেন বলেও জানান সভাপতি বিএন তিওয়ারি। অন্যদিকে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উপাসনা সিং এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দীপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে উপাসনা জানান, সংস্থার সদস্যপদ বাতিলের পরও বারবার অফিসে এসে অশান্তি সৃষ্টি করতেন।
View this post on Instagram
তাঁর কথায়, “আমাদের বাধ্য হয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে হয়েছে। কারণ, তিনি বারবার অফিসে আসেন এবং অত্যন্ত আপত্তিকর আচরণ করেন। মহিলা এবং আমাদের এক্সিকিউটিভ কমিটির সদস্যদের উদ্দেশে অশ্রাব্য ভাষা ব্যবহার করেন। সেখানে লাগানো পোস্টারও ছিঁড়ে ফেলেন।” আরও জানান, এক্সিকিউটিভ কমিটির আর এক সদস্য হেতলও দীপক কাজিরের বিরুদ্ধে দুর্ব্যবহার ও অশ্রাব্য ভাষা ব্যবহারের অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন। পরে অভিনেতা লিখিতভাবে ক্ষমা চেয়েছিলেন বলেও দাবি করেন উপাসনা।
উপাসনার অভিযোগ, “ভিতরে ঢুকেই তিনি আমাদের উদ্দেশে অত্যন্ত অশ্রাব্য ভাষায় কথা বলতে শুরু করেন। সেই শব্দগুলো আমি মুখে আনতে চাই না। ৭৪ বছর বয়সি দীপক পরাশরজির সঙ্গেও এমন খারাপ ব্যবহার করা হয় যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। তাঁর মাথার একদিকে প্রায়ই ব্যথা হয়। এই ধরনের আচরণের ফলে তাঁর শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে তিনি অজ্ঞান হয়ে যান।”
দীপক কাজিরের বিরুদ্ধে মারধরের অভিযোগের প্রসঙ্গে বলেন, “তিনি ক্রমাগত দীপক জির (পরাশর) দিকে এগিয়ে আসেন এবং অসম্মানজনক ভাষায় কথা বলছিলেন। আমি তাঁকে শান্তভাবে কথা বলতে অনুরোধ করি। বারবার বোজানোর চেষ্টা করি, এভাবে কনফারেন্স রুমে ঢুকে কথা বলা যায় না। বাইরে যেতে বলেছিলাম। তাঁকে বের করে নিয়ে যাওয়ার সময় তিনি জানতেন যে আমি তাঁর ঠিক পিছনে দাঁড়িয়ে আছি। হঠাৎ তিনি হাত ঘোরান এবং তাঁর কনুই এসে আমার নাকে সজোরে আঘাত করে। এরপর তিনি দাবি করেন, ঘটনাটি নাকি দুর্ঘটনাবশত ঘটেছে। আমাকে বলেন, আমি আপনাকে মারিনি। কিন্তু তিনি জানতেন যে আমি তাঁর পিছনেই দাঁড়িয়ে। তা সত্ত্বেও তিনি ওইভাবে হাত ঘোরান। আমার নাক ফুলে যায়। এসব ঘটনার পর দীপক পরাশর জিকে হাসপাতালে নিয়ে যেতে হয়।”
View this post on Instagram
উপাসনার কথায়, “আমরা বেশ আতঙ্কের মধ্যে রয়েছি। আগামী দিনে তিনি বড় কোনও ঘটনা ঘটাতে পারেন। অথবা তাঁর কিছু হয়ে যেতে পারে। আর তখন তিনি আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলবেন যে আমরাই তাঁর ক্ষতি করেছি। তিনি নিজে থেকে আসেন, অশান্তি শুরু করেন এবং তারপর আমাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন। এখন তো সদস্যরাও আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।” সাম্প্রতিক অতীতে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি পুরনো ঘটনার কথা উল্লেখ করে উপাসনা বলেন, “তিনি আগেও আমার কাছে ক্ষমা চেয়েছেন। এমনকী, একটি ভিডিও বানিয়ে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন। স্বীকার করেছিলেন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, অশ্রাব্য ভাষা ব্যবহার করেছেন এবং পাঞ্জাবি ভাষা নিয়েও বিদ্রূপ করেছেন। এই সমস্ত কিছুর জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন।”
